ইউরো ২০২৪
রুবেল রেহান
প্রকাশ : ০৫ জুলাই ২০২৪ ১১:০০ এএম
আপডেট : ০৫ জুলাই ২০২৪ ১১:৪১ এএম
ইউরো চ্যাম্পিয়নশিপে কোয়ার্টার ফাইনালে স্পেন-জার্মানি হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ শুক্রবার রাত ১০টায়। সংগৃহীত ছবি
ফিলিপ রোবার। ভদ্রলোক জার্মানির একজন ক্রীড়া প্রতিবেদক। সম্প্রতি স্পেন-জার্মানি ম্যাচ নিয়ে কথা বলার আগে বলেছিলেন- ‘এই ম্যাচ নিয়ে আমি কোথা থেকে শুরু করব সেটি আমার জন্য কঠিন।’ তার অনেক কথার একটি সারমর্মই দাঁড় করানো যাক- ‘এই লড়াইটি আমার কাছে কেবলই একটি কয়েন টসের মতো।’ সত্যিই তো, টুর্নামেন্টের দুটি সেরা দলের কোয়ার্টার ফাইনালের লড়াইকে আর যা-ই হোক, বিশ্লেষণে আনা যায় না, কিংবা কে সেরা সেই আলোচনাও হয়তো করা যায় না। তবে অনেক ফুটবল বিশ্লেষক এটিকে অভিহিত করছেন ফাইনালের আগে ‘ফাইনাল’ বলে।
ইউরো চ্যাম্পিয়নশিপে কোয়ার্টার ফাইনালে স্পেন-জার্মানি হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ শুক্রবার রাত ১০টায়। সরাসরি সম্প্রচার করবে চ্যানেল টি-স্পোর্টস। এই দুই দলই ইউরো ইতিহাসে যৌথভাবে সর্বোচ্চ তিনবারের চ্যাম্পিয়ন। এ ছাড়া এবারের আসরে সবচেয়ে বেশি গোল করা দলের তালিকাতেও এই দুই দল সামনের সারিতে। প্রতিপক্ষের গোলপোস্টে সবচেয়ে বেশি টার্গেট শট নেওয়া দলও এই দুটি। প্রতিযোগিতায় দুই দলের মিলিত গোল হজমও কেবল তিনটি। যার মধ্যে দুটি হজম করেছে জার্মানি। আর জর্জিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে জয়ের ম্যাচে কেবল এক গোল হজম করেছে স্পেন। টুর্নামেন্টে দুটি দলই নিজেদের স্টাইলে প্রায় প্রতিটি খেলা শেষ করেছে। যেটাকে অনেকে বলেছেন বৃদ্ধের জ্ঞান আর যৌবনের স্পিরিটের সংমিশ্রণ।

এমন সেরা দুটি দল যখন একে অপরের বিপক্ষে মুখোমুখি হয় তখন সেটিকে আর দশটি ম্যাচের মতো ধরা যায় না। এমন লড়াইকে খুব সম্ভবত সমতলগতিতে ধাবমান একটি গ্রাফের সঙ্গে তুলনা করা চলে। সেটি কিন্তু স্বীকার করেছেন জার্মানির অধিনায়ক ও অ্যাটাকিং মিডফিল্ডার ইলকে গুন্ডোগান, ‘এটি অবশ্যই একটি সমমানের ম্যাচ হতে চলেছে। খুব সম্ভবত দুই পক্ষই এই মুহূর্তে নিজেদের সেরা ফুটবল খেলছে। এই ম্যাচটা তাদের পক্ষেই যাবে, যারা ম্যাচ টেম্পারমেন্ট ধরে রাখতে পারবে।’ বার্সেলোনা তারকা এই ম্যাচে নিজের ক্লাব সতীর্থ রদ্রি ও লামিন ইয়ামালের বিপক্ষে খেলতে নামবেন। স্বভাবতই এটি দেখার মতো বিষয় হবে। সেটি নিশ্চয়ই তাকে আরও রোমাঞ্চিত করবে।
চলতি টুর্নামেন্টে ডেথ গ্রুপ ‘বি’-এর লড়াইয়ে নিজেদের প্রথম ম্যাচেই ক্রোয়েশিয়া পরীক্ষায় ৩-০ গোলে জেতে লুইস ফ্লুয়েন্তের দল। পরের দুই ম্যাচে ইতালি এবং আলবেনিয়ার বিপক্ষে জয় আসে সমান ১-০ ব্যবধানে। এরপর রাউন্ড অব সিক্সটিনে চমক দেখানো জর্জিয়াকে স্প্যানিশরা উড়িয়ে দেয় ৪-১ গোলে। প্রতিযোগিতায় জার্মানদের সূচনাও ছিল দুর্দান্ত। রিটজ, মুসিয়ালা, হাভার্টস, ফুলক্রুগ ও রুডিগারদের দলীয় নৈপুণ্যে স্কটল্যান্ডকে ৫-১ ব্যবধানে হারায় জার্মানি। গ্রুপে পরের ম্যাচে হাঙ্গেরির বিপক্ষে জয় আসে ২-০ ব্যবধানে। শেষ ষোলো নিশ্চিতের পর সুইজারল্যান্ডের বিপক্ষে জার্মানরা ড্র করে ১-১ গোলে। এরপর নকআউটে ডেনমার্ককে ২-০ ব্যবধানে হারায় জুলিয়ান নাগেলসম্যানের দল।

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে এ নিয়ে চারবারের জন্য মুখোমুখি হবে স্পেন-জার্মানি। আগের তিন দেখায় দুবার- ১৯৮৪ ও ২০০৮ সালে জয় পেয়েছে স্পেন। আর ১৯৮৮-এর দ্বৈরথে শেষ হাসি হেসেছে জার্মানি। তাদের সবশেষ মোকাবিলা ছিল ২০০৮ ইউরোর ফাইনালে। সেবার ফার্নান্দো তোরেসের একমাত্র গোলে শিরোপা জিতেছিল স্প্যানিশরা। এ ছাড়া সবশেষ কাতার বিশ্বকাপেও দুই দল গ্রুপপর্বে ড্র করে ১-১ গোলে। তবে অন্য একটি জায়গায় কিছুটা হলেও এগিয়ে আছে স্পেন। সবশেষ চারটি বড় আসরে জার্মানির বিপক্ষে অপরাজিত স্পেন। যেখানে চার ম্যাচের দুটিতে জয় এবং বাকি দুটিতে ড্র করে ২০১০ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা। আবার নিজেদের ঘরের মাঠে স্পেনের বিপক্ষে জার্মানদের রেকর্ড ঈর্ষণীয়। ১৯৩৫ সালে একটি ফিফা প্রীতি ম্যাচে ২-১ ব্যবধানে হারের পর সবশেষ আট ম্যাচে স্পেনের বিপক্ষে আর কখনও হারেনি জার্মানি। এই সময়ে আট ম্যাচের মধ্যে পাঁচটিতে জয় আর তিনটিতে ড্র করে তারা।

আজকের ম্যাচটি স্বাগতিকরা খেলবে স্টুটগার্ট স্টেডিয়ামে। ঘরের মাঠের এই সুবিধাটুকু জার্মানদের এগিয়ে রাখবে নিশ্চয়। এই ম্যাচের আগে জার্মানির কোচ জুলিয়ান নাগেলসম্যান বলেছেন, ‘তারপরও আমাদের আরও উন্নতি করার জায়গা আছে। সবশেষ ম্যাচে আমরা ডেনমার্কের বিপক্ষে প্রথম ২০ মিনিট দারুণ খেলেছি। তবে সব ম্যাচে এমনটা হবে তা আশা করা যাবে না। জোর খাটিয়ে এমনটা করতে যাওয়া বোকামি হবে। আমাদের ধৈর্য ধরতে হবে এবং বল পজিশন ধরে খেলতে হবে। আর প্রথম ২০ মিনিটের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে আমাদেরকে যে-কারও হারানো কঠিন হবে।’ জার্মানির বিপক্ষে ম্যাচকেই প্রতিযোগিতায় নিজেদের শিরোপা নির্ধারণী ম্যাচ বলে দাবি করেছেন স্পেনের কোচ লুইস ফ্লুয়েন্তে, ‘জার্মানি দুর্দান্ত একটি দল। তাদের দলে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়েরা আছেন। তারা খুবই নিবেদিত এবং সুসংগঠিত আর জয়ের জন্য ক্ষুধার্ত। তবে আমাদের যদি শিরোপা জিততে হয় তবে এই ম্যাচটি জিততে হবে। এটিই শিরোপা নির্ধারণ করে দিতে পারে।’