× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেসিকে খেলাতে চান স্কালোনি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ জুলাই ২০২৪ ০২:৩০ এএম

লিওনেল মেসি

লিওনেল মেসি

কোয়ার্টার ফাইনালের মতো মহাগুরুত্বপূর্ণ ম্যাচ। লড়াইটা আবার ইকুয়েডরের বিরুদ্ধে। হাইভোল্টেজ ম্যাচের আগে খুশির খবর আছে আর্জেন্টাইন শিবিরে। কেননা তিনবারের বিশ্বকাপজয়ীদের ডাগআউটে ফিরছেন কোচ লিওনেল স্কালোনি। স্বস্তির খবর আছে আরও। চোট কাটিয়ে লিওনেল মেসিও ফিরে আসতে পারেন শুরুর একাদশে।

চিলির বিপক্ষে গ্রুপপর্বের ম্যাচে চোট পান লিওনেল মেসি। এ কারণে পেরুর বিপক্ষে দলের প্রাণভোমরা ছিলেন বিশ্রামে। সবশেষ ট্রেনিং সেশনে ছিলেন সতীর্থদের সঙ্গে। তবে তার চোট কতটা গুরুতর? খেলার জন্য শতভাগ ফিট কি না- এ নিয়ে ধোঁয়াশা এখনও কাটেনি।

সুপারস্টারের সঙ্গে কথা বলেই আর্জেন্টাইন ফুটবল গুরু স্কালোনি সিদ্ধান্ত নেবেন, মেসি খেলবেন কি খেলবেন না। আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস অবশ্য জানিয়ে রেখেছে, মেসি শেষ আটের ম্যাচ শুরু থেকেই খেলবেন।

সেমিফাইনালে ওঠার লড়াইয়ে আজ মাঠে নামছে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় সকাল ৭টায় হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ আর কেউ নয়, ইকুয়েডর।

তার আগে সংবাদ সম্মেলনে মেসির খেলার সম্ভাবনা নিয়ে স্কালোনি বলেন, ‘আমি তার সঙ্গে আলাপ করিনি। কারণ আমার মনে হয়েছে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করাটাই যৌক্তিক। নিশ্চিতভাবেই আজ আমি কথা বলব, কারণ ম্যাচের বাকি থাকবে এক দিন আর আমার কাছে এটাই মনে হয়- সে (মেসি) সময় নেবে বা যতটা সম্ভব অনুশীলন করবে।’

আর্জেন্টাইন ফুটবল জাদুকর মেসির সঙ্গে আলাপ করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কোচ স্কালোনি, ‘ট্রেনিংয়ের আগে আমি তার সঙ্গে কথা বলব, আর তারপরেই সিদ্ধান্ত নেব। আগামীকাল কী করব সেটা নিয়ে এখন পর্যন্ত তার সঙ্গে কোনো কথা আমার হয়নি।’

হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজকে একসঙ্গে খেলানোর সম্ভাবনা উড়িয়ে দেননি কোচ স্কালোনি, ‘অবশ্যই এটা হতে পারে। এ প্রতিপক্ষের (ইকুয়েডর) বিরুদ্ধে তারা এর আগেই দুজনে মিলে খেলেছে। আজকের ট্রেনিং সেশন শেষে আমরা এ নিয়ে সিদ্ধান্ত নেব। এ সম্ভাবনা আমরা ফেলে দিচ্ছি না কারণ তারা একসঙ্গে দারুণ কাজ করেছে আর এটাও আমাদের হাতে থাকা একটি বিকল্প।’ 

টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা লাউতারো মার্টিনেজকে আলাদা করে প্রশংসায় ভাসিয়ে স্কালোনি বলেন, ‘লাউতারো কেবল ভালোই করেনি, সে তার সুযোগের জন্য অপেক্ষা করেছে। আর এটাই আমাকে সবচেয়ে বেশি খুশি করেছে। দুজনেই গোল করেছে, আশা করছি এই ধারা আগামীকালও বজায় থাকবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা