প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ জুলাই ২০২৪ ২১:৪৭ পিএম
প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ ৫৩৬ রানের লক্ষ্য তাড়া করে জয়ের রেকর্ড ছিল। ২০১০ সালের ফেব্রুয়ারিতে ভারতের দুলীপ ট্রফিতে এই রেকর্ড গড়েছিল পশ্চিমাঞ্চল। ১৪ বছর পর সেই রেকর্ডটি ভেঙে দেওয়ার একেবারে নিকটে পৌঁছে গিয়েছিল ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপের দল গ্ল্যামরগন। কিন্তু গ্লস্টারশায়ারের করা ৫৯২ রান পেরোতে পারেনি তারা। অবিশ্বাস্যভাবে সেই ম্যাচটি হয়ে গেছে টাই!
গত বুধবার (৩ জুলাই) চেলটেনহামের কলেজ গ্রাউন্ডে ছিল ইংল্যান্ডের কাউন্টি ডিভিশন টু’তে গ্লস্টারশায়ার–গ্ল্যামরগন ম্যাচের শেষ দিন। লক্ষ্য তাড়ায় ইনিংসের একেবারে শেষ বলে গ্ল্যামরগনের দরকার ছিল ১ রান। গ্লস্টারশায়ারের পেসার আজিত সিং ডেলের লেংথ ডেলিভারিতে স্ট্রাইকে থাকা জেমি ম্যাকলরয় ব্যাট চালান। কিন্তু বল তার ব্যাটের কানায় লেগে চলে যায় উইকেটের পেছনে থাকা জেমস ব্রেসির হাতে। অথচ রানটা হলে স্বীকৃত ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের বিশ্বরেকর্ড গড়ত গ্ল্যামরগন।
গ্লস্টারশায়ার প্রথম ইনিংসে ১৭৯ করলেও দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ৫ উইকেটে ৬১০ রানে। প্রথম ইনিংসে ১৯৭ করা গ্ল্যামরগনের জয়ের লক্ষ্য দাঁড়ায় ৫৯৩। কিন্তু তারা অলআউট ৫৯২-এ। অবশ্য জিততে না পারলেও ইংল্যান্ডের মাটিতে প্রথম শ্রেণির কোনো ম্যাচের চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রান তোলার কীর্তি গড়ে গ্ল্যামরগন। আগের ৫০৭ রানের রেকর্ডটা লর্ডসে ১৮৯৬ সালে মেরিলিবোন ক্রিকেট ক্লাবের বিপক্ষে করেছিল কেমব্রিজ বিশ্ববিদ্যালয়।