প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৪ ২০:২৩ পিএম
আপডেট : ০৪ জুলাই ২০২৪ ২০:৩৮ পিএম
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ব্যর্থতাকে ছাপিয়ে বর্তমানে আলোচনার মধ্যমণি তাসকিন আহমেদের ‘ঘুমকাণ্ড’। অবশ্য সুপার এইটে ভারতের বিপক্ষে ম্যাচে ঘুমের কারণে টিম বাস মিস করায় টিম ম্যানেজমেন্টের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। কিন্তু এই ঘটনা থেকে এত সহজেই পার পাচ্ছেন না টাইগার স্পিডস্টার। অধিনায়ক ও ম্যানেজারের রিপোর্টের পর তার বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বুধবার (৩ জুলাই) বিসিবির পরিচালক ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু গণমাধ্যমে জানান, ‘রিপোর্টটা (অধিনায়ক ও ম্যানেজারের) আসার পরে কোথায় সমস্যা আছে এটা তো সবার সঙ্গে আলোচনার বিষয়। এরপর ক্রিকেট অপারেশন্স আছেন সিদ্ধান্ত নেওয়ার জন্য। স্পষ্টভাবে আমরা এটিকে গুরুত্বের সঙ্গে নিচ্ছি। এটা গ্রহণ করার মতো নয়। ভবিষ্যতে এমন যেন না হয় সেটাই একটা সমাধান করা হয়।’
কুড়ি কুড়ির বিশ্বকাপে
বাংলাদেশের সহ-অধিনায়ক ছিলেন তাসকিন। তার মতো সিনিয়র একজন ক্রিকেটারের এমন কাজে ক্ষুব্ধ
বিসিবি। অবশ্য এ ঘটনাকে তরুণদের জন্য সতর্কবার্তা হিসেবে দেখছেন মিঠু, ‘তাসকিন এখন
অসাধারণ খেলোয়াড়। বিশ্বসেরা ক্রিকেটার। হয়তো ওর একটু ভুল হয়ে গেছে। তবে ওর যদি এটা
নিয়মিত হয়, তাহলে এটা বড় সমস্যা। আর এটা তরুণ ক্রিকেটারদের জন্য একটা সতর্কবার্তাও।’
এর আগে গত মঙ্গলবার
বোর্ড সভার পর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও রিপোর্টের অপেক্ষার কথা জানিয়েছিলেন,
‘ভারত ম্যাচের আগের দিন ঘুমের জন্য তাসকিনের বাস মিসের একটা ঘটনা আমিও শুনেছি। আমি
আরও আগেই শুনেছি। আমি যখন ভারতের বিপক্ষে একাদশে তাকে দেখলাম নেই, তখন আমি রাবিদ ইমামকে
(টিম ম্যানেজার) ফোন করি। এরপর সে জানাল, তাসকিন টিম বাস মিস করেছে। তবে সে কেন আসেনি
কিংবা ঘুম কারণ কি না সেটা রিপোর্ট এলে জানা যাবে। চাইলে আমি নিজেই তাকে (তাসকিন) সরাসরি
প্রশ্ন করতে পারতাম। কিন্তু আমি করিনি কারণ আমি রিপোর্টের অপেক্ষায়।’
এদিকে তাসকিনের
ঘুমকাণ্ড নিয়ে সোশ্যাল মিডিয়ার পাশাপাশি গণমাধ্যমেও ব্যাপক গুঞ্জন চলছে। এমন অবস্থায়
নিজের ফেসবুক পেজে বিষয়টির ব্যাখ্যাও দিয়েছেন তাসকিন, ‘আমি স্বীকার করি যে আমি স্বাভাবিকের
চেয়ে পরে উঠেছি এবং এর জন্য আমি ইতোমধ্যে পুরো দল এবং ম্যানেজমেন্টের কাছে ক্ষমা চেয়েছি।’
বর্তমানে কলম্বো স্ট্রাইকার্সের জার্সিতে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলতে শ্রীলঙ্কায় রয়েছেন তাসকিন। শিগগিরই হয়তো জানা যাবে তাসকিনের ঘটনায় কী সিদ্ধান্ত নিচ্ছে বোর্ড। শেষ পর্যন্ত তার কপালে কী জোটে সেটাই এখন জানার অপেক্ষায় দেশের আপামর ক্রিকেট সমর্থকরা।