প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ জুলাই ২০২৪ ১৭:৫০ পিএম
আপডেট : ০৪ জুলাই ২০২৪ ১৯:৫০ পিএম
এরিক টেন হাগ। সংগৃহীত ছবি
ম্যানচেস্টার ইউনাইটেডে আরও এক বছরের চুক্তি বাড়ল এরিক টেন হাগের। ২০২২ সালে এই ডাচম্যানকে নিয়োগের সময় তার চাকরির মেয়াদ ছিল ২০২৫ সাল পর্যন্ত। সেটি শেষের দিকে প্রায়। তবে তার আগেই আরও এক বছর ওল্ড ট্রাফোর্ডের সঙ্গে এক্সটেনশন চুক্তি বাড়ালেন তিনি। সেই হিসেবে ২০২৬ সাল পর্যন্ত ম্যানইউতে থাকছেন ৫৪ বছর বয়সি এ কোচ। বৃহস্পতিবার এমন খবরই পাওয়া গেছে বিবিসির বরাতে।
আয়াক্স থেকে ইউনাইটেডে চুক্তি করা টেন হাগ গেল দুই বছরে ম্যানইউকে দুটি শিরোপা জিতিয়েছেন। নতুন চুক্তির পর টেন হাগ বলেছেন, ‘একসঙ্গে কাজ চালিয়ে যাওয়ার জন্য এ নতুন চুক্তি আমাকে আনন্দিত করছে। গত দুই বছরের দিকে ফিরে তাকালে দেখা যাবে আমরা দুটি ট্রফি জিতেছি। এটা সত্যিই গর্ব করার মতো বিষয়। আমি যোগ দেওয়ার আগে ক্লাব যেখানে ছিল সেখান থেকে আমরা অনেক উন্নতি করেছি।’
দুটি ঘরোয়া ট্রফি জিতলেও চ্যাম্পিয়ন্স লিগে ব্যর্থ হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। সবশেষ সংস্করণে ম্যানইউ বিদায় নেয় গ্রুপ পর্ব থেকে। গালাতাসারের মতো দলের বিপক্ষেও হারে রেড ডেভিলরা। সে কারণেই হয়তো টেন হাগ আরও উন্নতির জায়গা দেখছেন, ‘আমাদের স্পষ্টই বিশ্বাস রাখতে হবে যে, সামনে অনেক পরিশ্রম করার জায়গা আছে।’
ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নেওয়ার পর প্রথম মৌসুমে সেরা তিনে থেকে লিগ শেষ করেছিল রেড ডেভিলরা। ছয় বছরের অবসান ঘটিয়ে ফাইনালে নিউক্যাসলকে হারিয়ে কারাবাও কাপ ট্রফি জেতে ইংল্যান্ডের অন্যতম ঐতিহ্যবাহী ও সফল এ ক্লাব। তবে ৫৪ বছর বয়সি কোচের জন্য পরের মৌসুমটা ছিল অত্যন্ত কঠিন। ওই মৌসুমে লিগে অস্টম স্থানে থেকে লিগ শেষ করে ম্যানইউ। চ্যাম্পিয়্ন্স লিগেও দল বিদায় নেয় গ্রুপ পর্ব থেকে। এরপর গত মে মাসে এফএ কাপে ম্যানচেস্টার সিটিকে ২-১ ব্যবধানে হারিয়ে প্রতিযোগিতার শিরোপা জেতে ম্যানইউ। তাতে চাকরিটাও বেঁচে যায় টেন হাগের।