× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোপা আমেরিকা

মেসির আশায় আর্জেন্টিনা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ জুলাই ২০২৪ ১৬:৫২ পিএম

অনুশীলনে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ান রোমেরোসহ আর্জেন্টিনার অন্যান্য ফুটবল খেলোয়াড়েরা। ছবি : সংগৃহীত

অনুশীলনে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ান রোমেরোসহ আর্জেন্টিনার অন্যান্য ফুটবল খেলোয়াড়েরা। ছবি : সংগৃহীত

গ্রুপ পর্বের লড়াই পেরিয়ে শেষ আটের রোমাঞ্চের অপেক্ষায় কোপা আমেরিকা। আট দলের মঞ্চে জায়গা পেয়েছে আর্জেন্টিনা, ব্রাজিল, উরুগুয়ে, ইকুয়েডর, ভেনেজুয়েলা, কানাডা, কলম্বিয়া ও পানামা। প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচের মতো এই পর্বের খেলাতেও আগেই মাঠে নামছে আর্জেন্টিনা। আগামীকাল শুক্রবার ইকুয়েডরকে মোকাবিলা করবে লিওনেল স্কালোনির দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৭টায়। অবশ্য কদিন ধরে ম্যাচ ছাপিয়ে আলোচনায় লিওনেল মেসি। সবশেষ ম্যাচটি ইনজুরির কারণে খেলতে পারেননি তিনি। নকআউট ম্যাচে ইন্টার মিয়ামি তারকা থাকবেন কি না সেটিই এখন ‘টক অব দ্য ওয়ার্ল্ড’। 

হিউস্টনের অস্ট্রোডম স্টেডিয়ামে ম্যাচটি খেলবে আর্জেন্টিনা ও ইকুয়েডর। ম্যাচকে সামনে রেখে হিউস্টনে মঙ্গলবার অনুশীলন করে আর্জেন্টিনা দল। আর্জেন্টাইন সমর্থকদের জন্য আনন্দের সংবাদ হতে পারেÑ কোচ স্কালোনির অনুশীলন সেশনে ছিলেন মেসি। যদিও এতেই প্রমাণ হয় না যে মেসি নিশ্চিত খেলবেন। তবে একটা আশা তৈরি হয়েছে। কোচও জানিয়েছেন, গুরুত্বপূর্ণ ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত মেসির জন্য অপেক্ষা করবেন তিনি। বিকল্প হিসেবে ডি মারিয়াকে ভেবে রেখেছেন স্কালোনি। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি বলছে, যদি শুরুর একাদশে মেসিকে রাখার সুযোগ না হয়, প্রয়োজনে তাকে বেঞ্চ থেকে মাঠে নামাবেন। আর মেসি বেঞ্চে থাকলে দলের অধিনায়কত্ব করবেন ডি মারিয়া। আর্জেন্টিনা দলের কোচিং স্টাফরা নাকি মেসি ও ডি মারিয়াকে একসঙ্গে খেলাতে চান না। তারা এই দুজনকে একে অন্যের বিকল্প হিসেবে খেলাতে চান। 

ইকুয়েডর ম্যাচে আর্জেন্টিনার প্রথম পরিকল্পনা অবশ্যই মেসিকে ঘিরে। শেষ পর্যন্ত তাকে না পাওয়া গেলে ভিন্ন ফরমেশনে যেতে পারে বর্তমান চ্যাম্পিয়নরা। সেটির ইঙ্গিতও অনুশীলন সেশনে দেখা গেছে। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, অনুশীলনে চার মিডফিল্ডারের সঙ্গে ডি মারিয়াকে রেখে পরীক্ষাও চালানো হয়েছে। মিডফিল্ডে রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও নিকোলাস গঞ্জালেসকে নিয়ে কৌশলী পরীক্ষা করা হয়েছে। তবে নাম্বার নাইন পজিশনে কে খেলবেন, তা নিয়ে কিছুটা সংশয় রয়েছে। লাওতারো মার্তিনেজ ও জুলিয়ান আলভারেজের মধ্যে একজন সেই জায়গা পূরণ করতে পারেন। আবার মেসি যদি শুরুর একাদশে না থাকেন তাহলে হয়তো এই দুজনকেই একসঙ্গে দেখা যেতে পারে। তবে সবকিছুই অনুমান-নির্ভর। কোচ স্কালোনি নিজেদের পরিকল্পনা নিয়ে মুখ খুলেননি।

আর্জেন্টিনার প্রতিপক্ষ ইকুয়েডর কখনও কোপা আমেরিকার শিরোপা জিততে পারেননি। তবে আর্জেন্টিার মতো বিশ্বচ্যাম্পিয়ন দলের বিপক্ষে জয় পাওয়াটা তাদের জন্য বিরাট অর্জন হিসেবেই ধরা হবে। এই ম্যাচের আগে আত্মবিশ্বাসী ইকুয়েডর। দলটির প্রধান কোচ ফেলিক্স সানচেজ আশা করছেন, দারুণ কিছু করে দেখাবে তার শিষ্যরা। ‘বি’ গ্রুপ থেকে ভেনেজুয়েলার বিপক্ষে হারলেও জ্যামাইকার বিপক্ষে ৩-১ ব্যবধানে জয় এবং ম্যাক্সিকোর বিপক্ষে গোলশূন্য ড্রয়ে পাওয়া এক পয়েন্টের সুবাদে কোয়ার্টার ফাইনালে ওঠে ইকুয়েডর। আর শেষ আটের লড়াইকেই ইকুয়েডর তাদের জন্য ফাইনাল হিসেবে ধরে নিচ্ছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিপক্ষে মাঠে নামার আগে ফেলিক্স বলেছেন, ‘এই ম্যাচটি আমার জন্য আরেকটি ফাইনাল। আমরা বিশ্বের চ্যাম্পিয়ন এবং বিশ্বের সেরা দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করার চেষ্টা করব। আমি বিশ্বাস করি যে আমাদের দল খুবই উচ্চ মনোবল নিয়ে মাঠে নামবে, একটি ভালো ম্যাচ খেলার চেষ্টা করব আমরা। খেলোয়াড়দের ওপর আমার পূর্ণ আস্থা আছে। জানি তারা তাদের সেরাটা দিতে প্রস্তুত। কিন্তু সেটি করা মোটেও সহজ হবে না। ভীষণ কঠিন সত্ত্বেও আমরা মনোবল হারাচ্ছি না।’

গ্রুপ পর্বে দুর্দান্ত ছিল আর্জেন্টিনা। তিনটি ম্যাচই জিতেছে আলবিসেলেস্তরা। তিন ম্যাচে ৬ গোল দেওয়ার পাশাপাশি নিজেদের জাল অক্ষত রেখেছে স্কালোনির দল। সবশেষ ম্যাচে মেসির অবর্তমানে দলের হাল ধরেন লাওতারো মার্তিনেজ। পেরুর বিপক্ষে ২-০ ব্যবধানে জেতা ম্যাচে দুটি গোলই করেন ইন্টার মিলানের তারকা ফরোয়ার্ড। টুর্নামেন্টে এখন পর্যন্ত তিন খেলায় চার গোল করে গোল্ডেন বুট জেতার দৌড়ে এগিয়ে আছেন তিনি। 

নকআউট ম্যাচে ডাগআউটে ফিরবেন কোচ স্কালোনিও। নিষেধাজ্ঞার কারণে আগের ম্যাচে যিনি নিষিদ্ধ ছিলেন। দলের কোচ ও অধিনায়কের সম্ভাব্য ফেরার ম্যাচে আরও উৎসাহিত হয়ে উঠবেন মার্তিনেজ, ডি মারিয়া, আলভারেজ, ক্রিশ্চিয়ান রোমেরো, ডি পলরাÑ এটি বলাই যায়। সবশেষ দুই দলের ১৩ লড়াইয়ে একচেটিয়া সাফল্য আর্জেন্টিনার। ৪ ম্যাচে ড্রয়ের সঙ্গে ৮ ম্যাচেই জিতেছে প্রতিযোগিতার অন্যতম সফল দলটি। তাদের বিপক্ষে কেবল একবারই জয় পেয়েছে ইকুয়েডর। সেটিও প্রায় ৯ বছর আগে। তাই এবারের ম্যাচে এটি না বললেও চলে যে পরিষ্কার ফেভারিট আর্জেন্টিনা। যদিও ইকুয়েডরকে সমীহ করেছেন আর্জেন্টিনার সহকারী কোচ ওয়াল্টার স্যামুয়েল, ‘তারা ভিন্ন প্রতিদ্বন্দ্বী। গেল মাসেই আমরা তাদের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিলাম, তাদেরকে আমরা জানি। তাদের একজন দক্ষ কোচ আছেন। ফুটবলে শারীরিক দিকটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তবে তাদের ফুটবলীয় দক্ষতাও দারুণ। তারা এই টুর্নামেন্টে ভালো খেলেছে এবং এটি আমাদের জন্য মোটেও সহজ হবে না।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা