প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ জুলাই ২০২৪ ১৩:১৫ পিএম
আপডেট : ০৪ জুলাই ২০২৪ ১৩:৩১ পিএম
জিওফ্রে বয়কট
ফের মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়েছেন ইংল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার স্যার জিওফ্রে বয়কট। সাবেক এ ব্রিটিশ ক্রিকেটার নিজেই জানিয়েছেন, দ্বিতীয়বার তার গলার ক্যানসার ধরা পড়েছে। ২০ বছর পর ক্যানসার তার জীবনে ফিরে আসায় হতাশার কথা শুনিয়েছেন জিওফ্রে বয়কট।
জানা গেছে, ৮৩ বছরের বয়কট দুই সপ্তাহের মধ্যেই অস্ত্রোপচার করাবেন। ইয়র্কশায়ার ও ইংল্যান্ডের ক্রিকেট কিংবদন্তি বয়কট তার ২৫ বছরের ক্যারিয়ারে প্রথম শ্রেণির ক্রিকেটে সেঞ্চুরি করেছেন ১৫১টি। ইংল্যান্ডের হয়ে ১০৮টি টেস্ট ম্যাচ খেলে ১৯৮২ সালে ক্রিকেট থেকে অবসর নেন।
এর আগে ২০০২ সালে কেমোথেরাপি ও রেডিওথেরাপি নিয়ে সুস্থ হয়েছিলেন সাবেক এ ব্রিটিশ ক্রিকেটার। দুই সপ্তাহের মধ্যে ক্যানসার অপসারণের জন্য তৈরি হচ্ছেন। এ নিয়ে বয়কট বলেন, ‘গত কয়েক সপ্তাহে আমার একটি এমআরআই স্ক্যান, সিটি স্ক্যান, একটি পিইটি স্ক্যান ও দুটি বায়োপসি হয়েছে এবং এটি নিশ্চিত হয়েছে যে আমার গলায় ক্যানসার হয়েছে এবং এটির অপারেশন প্রয়োজন আছে।’
চিকিৎসা করে আবারও সুস্থ হয়ে উঠবেন এমন আশাই করছেন বয়কট, ‘অতীত অভিজ্ঞতা থেকে জানি, দ্বিতীয়বার ক্যানসার থেকে ফেরার জন্য অসাধারণ চিকিৎসা এবং কিছুটা ভাগ্যের দরকার। অস্ত্রোপচার সফল হলেও প্রত্যেক ক্যানসার রোগী জানে যে, এ রোগ ফিরে আসার আশঙ্কা মেনে নিয়েই বাঁচতে হবে। তাই এ সময়টা পার করতে চাই। আশা করি সব ঠিকঠাক হবে।’