ইউরো ২০২৪
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ জুলাই ২০২৪ ১১:২৩ এএম
আপডেট : ০৩ জুলাই ২০২৪ ১১:২৮ এএম
১৬ বছর পর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে উঠে তুরস্কের উল্লাস। সংগৃহীত ছবি
খেলা শুরুর এক মিনিটের মাথায় গোল পেল তুরস্ক। ধাক্কা সামলে উঠে লড়াই করল অস্ট্রিয়া। কিন্তু শুরুর গোল আর পরিশোধ করতে পারেনি তারা। দ্বিতীয়ার্ধে অস্ট্রিয়ানরা গোল হজম করল আরও একটি। কয়েক মিনিটের মধ্যে তুরস্কের জালে একটি গোল ফিরিয়ে দিলেও সেটি জয় কিংবা ড্রয়ের জন্য পর্যাপ্ত ছিল না। হেরেই ইউরো চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিতে হলো অস্ট্রিয়াকে। দুর্দান্ত এক জয় নিয়ে মাঠ ছাড়ল তুরস্ক।
মঙ্গলবার রাতে লাইপজিগ স্টেডিয়ামে ইউরোয় শেষ ষোলোর ম্যাচে অস্ট্রিয়াকে ২-১ গোলে হারিয়েছে তুরস্ক। এই জয়ে ১৬ বছর পর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালের টিকিট কাটল তারা। আগামী শনিবার বার্লিনে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে তুরস্কের প্রতিপক্ষ সাবেক চ্যাম্পিয়ন নেদারল্যান্ডস।
এদিন ম্যাচ জয়ে বড় অবদান রেখেছেন তুরস্কের মেরিহ ডেমিরাল। ম্যাচের দুই অর্ধে তুরস্কের দুটি গোল করেছেন আল আহলির এই ফরওয়ার্ড। দেশের হয়ে আগের ৪৭ ম্যাচে দুই গোল করেছিলেন তিনি। এবার মহাগুরুত্বপূর্ণ সময়ে এক ম্যাচেই দেখালেন জোড়া নৈপুণ্য। অস্ট্রিয়ার বিপক্ষে খেলার ৫৮ সেকেন্ডে গোল করেন ডেরিমাল, যা টুর্নামেন্টের ইতিহাসে নকআউট পর্বে সবচেয়ে দ্রুততম গোল। গোল শোধে মরিয়া হয়ে ওঠে অস্ট্রিয়া।
মুহুর্মুহু আক্রমণে তুরস্কের রক্ষণদুর্গে ঝড় বইয়ে দেন অস্ট্রিয়া ফরওয়ার্ডরা। কিন্তু সমতায় ফেরা হয়নি। ৫৯ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করে ব্যবধান বাড়ান ডেমিরাল। সাত মিনিট পর একটি গোলের শোধ দেয় অস্ট্রিয়ানরা। ব্যবধান কমান মিকেল গ্রেগোরিটস; লড়াইয়ে ফেরে দল। এরপর আক্রমণে ধার বাড়ায় তারা। কিন্তু দ্বিতীয়বার মেলেনি গোলের দেখা।
পুরো ম্যাচে গোলের জন্য ২১টি শিট নিয়েছে অস্ট্রিয়া। যার ছয়টি ছিল লক্ষ্যে। এর মধ্যে দ্বিতীয়ার্ধেই ছিল পাঁচটি। অস্ট্রিয়ানদের বারবার হতাশ করেছেন তুর্কি গোলরক্ষক মার্ট গুনক। ম্যাচে শেষে তুরস্ক তাকে মাথায় তুলে জয় উদযাপন করেছে। ম্যাচে তুরস্ক শট নিয়েছে নয়টি। যার তিনটি গোলমুখে রেখেছে তারা। এর দুটিতেই বাজিমাত করেছে দলটি।