× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোপা আমেরিকা

কলম্বিয়ার বিপক্ষে ড্র করে শেষ আটে ব্রাজিল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ জুলাই ২০২৪ ১১:০৮ এএম

আপডেট : ০৩ জুলাই ২০২৪ ১১:১৪ এএম

কলম্বিয়ার বিপক্ষে ড্র করে শেষ আটে ব্রাজিল

শেষ আটে উঠতে জয় কিংবা ড্র, এই ছিল ব্রাজিলের সামনে সমীকরণ। আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিল তুলতে পেরেছে একটি পয়েন্টই। তাতেই গ্রুপ রানার্সআপ হিসেবে মিলেছে শেষ আটের টিকিট। অসাধারণ ফুটবলে ব্রাজিলকে রুখে দিয়েছে কলম্বিয়া। মাঠে নামার আগে টানা ২৫ ম্যাচ অপরাজিত ছিল দলটি। সেই সংখ্যাটা এখন দাঁড়াল ২৬-এ।

বাংলাদেশ সময় বুধবার সকালে ক্যালিফোর্নিয়ার লেভিস স্টেডিয়ামে কোপা আমেরিকার 'ডি' গ্রুপের শেষ ম্যাচে কলম্বিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল। ম্যাচের প্রথমার্ধেই হয় গোল দুটি। দ্বাদশ মিনিটে রাফিনহার গোলে ব্রাজিল এগিয়ে গেলেও প্রথমার্ধের শেষ দিকে কলম্বিয়ার হয়ে সমতায় ফেরান দানিয়েল মুনোজ।

তিন ম্যাচে দুটি জয় ও একটি ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় কলম্বিয়া। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ পানামা। তিন ম্যাচে একটি জয় ও দুটি ড্রয়ে ৫ পয়েন্ট পেয়ে গ্রুপে দ্বিতীয় হয়েছে ব্রাজিল। শেষ আটে তাদের প্রতিপক্ষ দারুণ ছন্দে থাকা উরুগুয়ে। একই সময়ে গ্রুপের অপর ম্যাচে প্যারাগুয়েকে ২-১ ব্যবধানে হারিয়েও ৪ পয়েন্ট নিয়ে বিদায় নিয়েছে কোস্টারিকা। আগেই বিদায় নেওয়া প্যারাগুয়ে কোনো পয়েন্ট পায়নি।

ব্রাজিলের বিপক্ষে এদিন শুরুতে বেশ দাপুটে ফুটবল খেলে কলম্বিয়া। অনেকটা ধারার বিপরীতে এগিয়ে যায় ব্রাজিল। তবে আক্রমণের ধারা বজায় রেখে সমতায় ফেরে হামেস রদ্রিগেজেরা। দ্বিতীয়ার্ধে অবশ্য সমান তালেই লড়াই হয়। দুই দল বেশ কিছু সুযোগ পেলেও কাজে লাগাতে না পারলে প্রথমার্ধের ফলাফলই শেষ পর্যন্ত ম্যাচের ফলাফল হয়ে দাঁড়ায়।

এদিকে কোয়ার্টার ফাইনালে খেলতে পারবেন না ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়র। ম্যাচের সপ্তম মিনিটেই কলম্বিয়ান অধিনায়ককে অহেতুক ফাউল করে হলুদ কার্ড দেখেন। এর আগে প্যারাগুয়ের বিপক্ষে ৪-১ গোলে জয়ের দিনেও হলুদ কার্ড দেখেছিলেন তিনি।

সেই ফাউলে পাওয়া ফ্রি কিক থেকে প্রায় গোল হজম করে ফেলেছিল ব্রাজিল। রদ্রিগেজের শট বারপোস্ট ছুঁয়ে বেরিয়ে গেলে স্বস্তি পায় ব্রাজিল। তিন মিনিট পর কলম্বিয়ান গোলরক্ষক কামিলো ভার্গাসের ভুলে এগিয়ে যেতে পারত ব্রাজিল। ব্রুনো গুইমারেসের শট ঠেকাতে গিয়ে বল ফসকে গেলেও পোস্ট ঘেঁষে বেরিয়ে গেলে বেঁচে যায় তারা।

তবে দুই মিনিট পরই ব্রাজিলকে এগিয়ে দেন রাফিনহা। অসাধারণ ফ্রি কিকে লক্ষ্যভেদ করেন এই বার্সেলোনা ফরোয়ার্ড। হাত ছোঁয়াতে পারলেও ঠেকাতে পারেননি কলম্বিয়ান গোলরক্ষক। ১৯ মিনিটে ব্রাজিলের জালে বল জড়িয়েছিলেন দাভিনসন সানচেস। তবে লম্বা সময় ধরে ভিএআরে যাচাইয়ের পর অফসাইড ধরায় গোল মিলেনি।

এর কিছুক্ষণ পর কলম্বিয়ার ডেভিয়ার মাচাদোকে ফাউল করা নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ফাউলের শিকার হওয়ার পর মাচাদোর গায়ে বল দিয়ে লাথি মারায় জোয়াও গোমেজের দিকে তেড়ে যান কলম্বিয়ার হেফারসন লের্মা। পরে দুই খেলোয়াড়কেই হলুদ কার্ড দেখান রেফারি।

যোগ করা সময়ে অসাধারণ ফিনিশিংয়ে সমতা ফেরান দানিয়েল মুনোজ। হন কর্দোবার বাড়ানো বল ধরে ডান প্রান্ত থেকে দারুণ কোনাকোনি শটে জালে পাঠান ক্রিস্টাল প‍্যালেসের এই ডিফেন্ডার। ৫১ মিনিটে এগিয়েও যেতে পারত তারা। ফাঁকায় হেড নেওয়ার সুযোগ পেয়েও লক্ষ্যে রাখতে পারেননি কর্দোবা। ৬৯ মিনিটে কর্দোবার আরেকটি হেড ঠেকান ব্রাজিলিয়ান গোলরক্ষক আলিসন। ৮৫ মিনিটে দিনের সেরা সুযোগটি মিস করেন বদলি খেলোয়াড় রাফায়েল বোরে। লুইস দিয়াজের ক্রসে একেবারে ফাঁকা পোস্ট পেয়েও বাইরে মারেন এই ফরোয়ার্ড। ম্যাচের শেষ দিকে আন্দ্রেয়াস পেরেইরার বুলেট গতির শট কলম্বিয়ান গোলরক্ষক দারুণ দক্ষতায় ঠেকালে জয় পাওয়া হয়নি ব্রাজিলের। ড্র মেনেই মাঠ ছাড়তে হয় তাদের।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা