কোপা আমেরিকা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০২ জুলাই ২০২৪ ১৯:৪১ পিএম
আপডেট : ০২ জুলাই ২০২৪ ১৯:৫৮ পিএম
গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনালে বাধা ইকুয়েডর। যুক্তরাষ্ট্রের
এনআরজি স্টেডিয়ামে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ম্যাচ আগামী শুক্রবার। বাঁচা-মরার ম্যাচে
প্রতিপক্ষ নিয়ে বেশ সতর্ক লিওনেল স্কালোনি। তবে লিওনেল মেসির ইনজুরি শঙ্কা ফেলেছে কোচকে।
শেষ আটের খেলায় এমএলটেন থাকছেন, থাকলেও পুরোটা সময় থাকবেন, নাকি বদলি হিসেবে নামবেন ইন্টার মিয়ামি তারকাকে নিয়ে পরিকল্পনা সাজাতে হ্যাপা পোহাতে হচ্ছে স্কালোনিকে।
গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে উরুতে চোট পান মেসি। ম্যাচে দুবার কড়া
ট্যাকলের শিকারও হন তিনি। চিলির বিপক্ষে সেই ম্যাচ শেষে মেসি অবশ্য বলেছিলেন, ‘আশা
করি, (আঘাতটা) তেমন বড় কিছু নয়।’ তবে সেই আঘাতই শেষ পর্যন্ত পেরুর বিপক্ষে ম্যাচ থেকে
ছিটকে দেয় তাকে। অবশ্য মেসিকে ছাড়াই ২-০ গোলে জেতে আর্জেন্টিনা।
গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচটি অনেকটা নিয়মরক্ষার হলেও কোয়ার্টারের মতো
জীবন-মরণ ম্যাচে মেসির অনুপস্থিতি আর্জেন্টিনাকে ভোগাতে পারে। দেশটির গণমাধ্যম মুন্ডো
আলবিসেলেস্তে জানিয়েছে, মেসি যদি কোয়ার্টারে খেলেনও সেটা বদলি হিসেবে। প্রথম একাদশে
তার থাকাটা একেবারেই অনিশ্চিত। তবে বেঞ্চ থেকে বদলি হিসেবে দ্বিতীয়ার্ধে হয়তো মাঠে
নামবেন। সেক্ষেত্রে শুরুর একাদশে থাকবেন আনহেল ডি মারিয়া।
মেসির চোট নিয়ে হতাশার কথা বলেছিলেন আর্জেন্টাইন সাংবাদিক পারাদিজোও।
গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে কোয়ার্টারে আলবিসেলেস্তাদের অধিনায়কের খেলা ঝুঁকিতে আছে
উল্লেখ করে তিনি বলেন, ‘মেসির চোট নিয়ে যা জেনেছি, তা হতাশার। আমি আপনাদের সরাসরি বলতে
পারি, কোয়ার্টার ফাইনালে মেসির উপস্থিতি ঝুঁকিতে আছে। সে এখনও ছিটকে যায়নি, তবে ঝুঁকিতে।
এমনকি কেউ কেউ বিশ্বাস করে, এ পরিস্থিতিতে তাকে খেলালে চোটের অবস্থা আরও খারাপ হতে
পারে।
মেসিকে নিয়ে এমন শঙ্কার খবরে সতর্কতা বাড়বে আর্জেন্টাইন শিবিরে। চোট
নিয়ে খেলতে নামাটা যেমন ঝুঁকির, তেমনি একটু অসতর্কতা টুর্নামেন্ট থেকে ছিটকে ফেলতে
পারে মেসিকে। তাই তার ফিটনেসের ওপর একটু বেশিই নজর দিচ্ছেন স্কালোনি। আর্জেন্টাইন সংবাদমাধ্যম
টিওয়াইসি স্পোর্টস অবশ্য জানিয়েছে, অনুশীলনে কোচ স্কালোনি সতর্কতার সঙ্গে দলের অবস্থা
পর্যবেক্ষণ করবেন। দল নিয়ে যেসব দ্বিধা ও দুশ্চিন্তা আছে, সেগুলো নিয়ে তিনি বিশেষভাবে
কাজ করবেন। এখন দেখার বিষয়, গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি মেসিকে খেলাবেন, আর খেলালেও কত
সময় মাঠে রাখবেন। নাকি সাইড বেঞ্চে বসে দেখবেন সতীর্থদের খেলা।