প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ জুলাই ২০২৪ ১৮:৪৭ পিএম
আপডেট : ০২ জুলাই ২০২৪ ১৮:৫৪ পিএম
সামিউল ইসলাম রাফি ও সোনিয়া আক্তার। সংগৃহীত ছবি
আগের দুই আসরের মতো এবারও অলিম্পিকে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করবেন দুজন সাঁতারু। প্যারিস অলিম্পিকে এবার দেশের প্রতিনিধিত্ব করবেন ১০০ মিটার ইভেন্টে সামিউল ইসলাম রাফি ও ৫০ মিটার ফ্রি স্টাইলে সোনিয়া আক্তার। গত তিন অলিম্পিকে বাংলাদেশের সাঁতারুরা ৫০ মিটার ফ্রি স্টাইলেই শুধু অংশগ্রহণ করেছেন। প্যারিস অলিম্পিকে ইভেন্টের ভিন্নতা এসেছে।
বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের অন্যতম নির্বাহী সদস্য এমবি সাইফ বলেন, ‘গতকাল রাতে (সোমবার) আন্তর্জাতিক সাতার ফেডারেশন (ওয়ার্ল্ড অ্যাকুয়েটিক্স) আমাদের একজন নারী সাতারু (সোনিয়া) ও পুরুষ সাঁতারু (রাফি) অলিম্পিকে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে। আন্তর্জাতিক সাঁতারে তাদের টাইমিং ও র্যাংকিংয়ের ভিত্তিতে বাংলাদেশের দুই সাঁতারু ওয়াইল্ড কার্ড পেয়েছে।’ সাঁতার ফেডারেশনের পাশাপাশি ওয়ার্ল্ড অ্যাকুয়েটিক্স বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনকেও আনুষ্ঠানিকভাবে অবহিত করেছে। অলিম্পিক গেমসে অ্যাথলেটিক্স ও সাঁতার এ দুই ডিসিপ্লিনের ওয়াইল্ড কার্ড স্ব-স্ব আন্তর্জাতিক ফেডারেশনই প্রদান করে।
এর আগে আর্চার সাগর ইসলাম সরাসরি অলিম্পিক নিশ্চিতের পর শুটার রবিউল ইসলাম ওয়াইল্ড কার্ড পেয়েছিলেন। গতকাল দুপুরে স্প্রিন্টার ইমরানুর রহমান আর রাতে দুই সাঁতারু রাফি ও সোনিয়ার অংশগ্রহণ নিশ্চিত হয় ওয়াইল্ড কার্ড পাওয়ায়। এখন পর্যন্ত প্যারিস অলিম্পিকে বাংলাদেশের ক্রীড়াবিদের সংখ্যা পাঁচজন। এই সংখ্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। দুই গলফার সিদ্দিক ও জামাল, বক্সার সেলিম হোসেনের ওয়াইল্ড কার্ডের আবেদন করা থাকলেও র্যাংকিং, পারফরম্যান্সসহ নানা বিবেচনায় তাদের কার্ড পাওয়ার সম্ভাবনা অনেকটাই ক্ষীণ।