ইউরো ২০২৪
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০২ জুলাই ২০২৪ ১৬:০৯ পিএম
আপডেট : ০২ জুলাই ২০২৪ ১৭:৩৮ পিএম
ইউরোর শেষ আট নিশ্চিতের লড়াইয়ে
নেদারল্যান্ডসের প্রতিপক্ষ রোমানিয়া। আজ মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি
হবে দুদল। রাতের আরেক ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে লড়বে তুরস্ক। বাঁচা-মরা ম্যাচটির ভেন্যু
জার্মানির লেপজিগ স্টেডিয়াম। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি। ম্যাচগুলো দেখাবে
টি স্পোর্টস ও সনি টেন ২।
আলিয়েঞ্জ অ্যারেনায় রোমানিয়ার
চেয়ে অপেক্ষাকৃত শক্তিশালী ডাচরা। মুখোমুখি লড়াইয়ে শতভাগ জয় তাদের। তিনবারের দেখায়
সবগুলো ম্যাচে রোমানিয়া হেরেছে। তবে ইউরোয় গ্রুপ পর্বের ম্যাচে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে
চমক দেখায় এডওয়ার্ড লর্ডানেস্কুরা। এক জয়, এক হার এবং এক ড্র ছিল তাদের। গ্রুপ পর্বের
শেষ ম্যাচে স্লোভাকিয়ার বিপক্ষে ড্র করেছিল তারা। নেদারল্যান্ডস অবশ্য হেরেছে অস্ট্রিয়ার
কাছে। গ্রুপ পর্বে তাদেরও এক জয়, এক হার এবং একটি ড্র। শেষ ম্যাচে বড় হারে কিছুটা চাপে
ডাচরা। তবে দলটির ফরোয়ার্ড মেমপিস ডিপাইয়ের আশাবাদ, পূর্বের ভুল করবে না তার দল। আজকের
ম্যাচ দিয়েই তাদের ইউরো যাত্রা শুরু। তবে গ্রুপ পর্বের মতো রোমানিয়া যদি নক আউটেও চমক
দেখায়, তবে অবাক হওয়ার মতো কিছুই থাকবে না।
পরিসংখ্যান বলছে, শেয়ানে শেয়ানে
লড়াই হবে অস্ট্রিয়া ও তুর্কিদের মাঝে। পাঁচ দেখায় দুটি করে জয় দুদলের। একটি ড্র। তবে
ইউরোতে বেশ দাপট দেখাচ্ছে অস্ট্রিয়া। ইউরোর গ্রুপ পর্বে দুটি জয় এবং একটি হার অস্ট্রিয়ার।
তুরস্কেরও আসরে দুই জয় এবং একটি হার। বোঝাই যাচ্ছে, কঠিন লড়াইয়ে রূপ নিতে পারে আজকের
ম্যাচ।