কোপা আমেরিকা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০২ জুলাই ২০২৪ ১১:৪৭ এএম
আপডেট : ০২ জুলাই ২০২৪ ১২:২৪ পিএম
কোপা আমেরিকার আয়োজক যুক্তরাষ্ট্রকে দর্শক বানিয়ে দিল উরুগুয়ে। তাদের ফুটবল অবকাঠামোর যে আরও উন্নতি প্রয়োজন সেটিই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল লাতিন আমেরিকার দেশটি। মার্কিনিদের বিদায় করে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে শেষ আটে উঠেছে উরুগুয়ে। গ্রুপ রানার্সআপ হিসেবে তাদের সঙ্গে শেষ আটে উঠেছে পানামা।
কানসাস সিটিতে আজ ‘সি’ গ্রুপের ম্যাচে যুক্তরাষ্ট্রকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ আটে উঠেছে ১৫ বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে। মাতিয়াস অলিভিয়েরার একমাত্র গোলে জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়ে মার্সেলো বিয়েলসার শিষ্যরা। অরল্যান্ডোতে একই সময়ে অনুষ্ঠিত গ্রুপের অন্য ম্যাচে বলিভিয়াকে ৩-১ গোলে হারিয়েছে পানামা।
কোয়ার্টার ফাইনালে উরুগুয়ে খেলবে ‘ডি’ গ্রুপের রানার্সআপ দলের বিপক্ষে। অন্যদিকে পানামার প্রতিপক্ষ হবে ‘ডি’ গ্রুপের চ্যাম্পিয়ন দল। আগামীকাল সকালে ব্রাজিল-কলম্বিয়া ম্যাচের ওপর নির্ভর করছে কারা হবে ‘ডি’ গ্রুপে চ্যাম্পিয়ন ও রানার্সআপ। দুই ম্যাচ শেষে ৬ পয়েন্ট নিয়ে কলম্বিয়া আছে গ্রুপের শীর্ষে, ৪ পয়েন্ট নিয়ে ব্রাজিল দুইয়ে। ম্যাচটি জিতে গেলে ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই উঠবে শেষ আটে।
আগেই দুই ম্যাচ জিতে কোয়ার্টার নিশ্চিত হয়ে যাওয়ায় এ ম্যাচে উরুগুয়েকে দেখা গেছে তুলনামূলক কম আক্রমণাত্মক ফুটবল খেলতে। যার সুবিধা নিয়ে উরুগুয়ের সঙ্গে বল দখলে টেক্কা দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে আক্রমণে দাপট ছিল উরুগুয়েরই। গোলের উদ্দেশ্যে মোট ১০টি শট নিয়েছে উরুগুয়ে। বিপরীতে মাত্র ৩ শট যুক্তরাষ্ট্রের। তবে এদিন প্রথমার্ধে কোনো গোল হজম করতে হয়নি যুক্তরাষ্ট্রকে।
দ্বিতীয়ার্ধেও উরুগুয়ের আক্রমণ রুখে দিচ্ছিল যুক্তরাষ্ট্র। তবে শেষ পর্যন্ত সেটি ধরে রাখতে পারেনি যুক্তরাষ্ট্র। ম্যাচের ৬৬ মিনিটে মাতিয়াস অলিভেরার গোলে লিড পায় উরুগুয়ে। গোলটি নিয়ে অবশ্য বিতর্ক আছে। টিভি রিপ্লেতে মনে হয়েছে অফসাইড পজিশনে ছিলেন অলিভিয়েরা। তবে ভিএআর ভেবেছে অন্যরকম। এরপর ম্যাচের বাকি সময় চেষ্টা করেও সেই গোল আর শোধ দিতে পারেনি মার্কিনীরা।
একই সময় হওয়া গ্রুপের অপর ম্যাচে বলিভিয়ার বিপক্ষে ৩-১ গোলের দাপুটে জয় তুলে শেষ আট নিশ্চিত করেছে পানামা। হোসে ফাহার্দোর গোলে ২২ মিনিটে এগিয়ে যায় পানামা। ৬৯ মিনিটে বলিভিয়াকে সমতায় ফেরান ব্রুনো মিরান্দা। ১০ মিনিট পর এদুয়ার্দো গেরেরোর গোলে এগিয়ে যাওয়া পানামা যোগ করা সময়ে পায় তৃতীয় গোলটি। এই গোলটি সেজার ইয়ানিসের।