বিসিবির বোর্ডসভা আজ
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ জুলাই ২০২৪ ১০:০৪ এএম
আপডেট : ০২ জুলাই ২০২৪ ১০:১৫ এএম
সবে শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশা পূরণ করতে পারেনি বাংলাদেশ দল। যদিও ২০০৭ সালের পর এই প্রথম সেরা আটে খেলেছে টাইগাররা। সেমিফাইনালে ওঠার একটা সুযোগও এসেছিল, কিন্তু তা কাজে লাগাতে পারেনি নাজমুল হোসেন শান্ত ব্রিগেড। মারকাটারি আসরের বিশ্বকাপে ক্রিকেটারদের পারফরম্যান্স মূল্যায়নে আলোচনায় বসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ মঙ্গলবার বিকাল ৩টায় মিরপুরে বিসিবি কার্যালয়ে শুরু হবে এই সভা।
বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন গতকাল সোমবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘আগামীকাল (আজ) আমাদের বোর্ডের সভা রয়েছে। রুটিন বিষয়গুলোই আলোচিত হবে। বাংলাদেশ দল আইসিসি বা এসিসির আসরে অংশ নিলে, এরপরের সভায় পারফরম্যান্স নিয়ে আলোচনা হয়। এবারও তা হবে। এ ছাড়া অর্থনৈতিক কিছু বিষয় আছে আলোচ্য সূচিতে।’
বিশ্বকাপ পারফরম্যান্স ছাড়াও বোর্ড সভার আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে আরও বেশ কয়েকটি বিষয়। এর মধ্যে নাজমুল হোসেন শান্ত তিন ফরম্যাটের নেতৃত্বেই থাকবেন কিনা, সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদের টি-টোয়েন্টি ভবিষ্যৎ, কোচ চন্ডিকা হাথুরুসিংহের ভবিষ্যৎ এবং পূর্বাচলে শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের কাজের অগ্রগতির বিষয় নিয়ে আলাপ হবে সভায়।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থ মিশন শেষে গেল শুক্রবার দেশে ফিরেছে বাংলাদেশ দল। দেশে ফিরেই সপ্তাহ দুয়েকের বিশ্রাম পাচ্ছেন ক্রিকেটাররা। ছুটি শেষে চট্টগ্রামে বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে যোগ দেবেন তারা। সেখানে বিসিবির কোচ সোহেল ইসলামের অধীনে অনুশীলন করবেন ক্রিকেটাররা। জাতীয় দলের কোচরা না আসা পর্যন্ত সেখানেই আসন্ন ব্যস্ত টেস্ট সূচির প্রস্তুতি নেবেন খেলোয়াড়রা।
এদিকে প্রথমবারের মতো টাইগার ৭ ক্রিকেটার ভিনদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবেন। আগামী ৯ আগস্ট পর্যন্ত তাদের খেলার অনুমতি দিয়েছে বিসিবি। সাকিব আল হাসান খেলবেন যুক্তরাষ্ট্রের মেজর লিগে, কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে খেলবেন শরীফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন ও রিশাদ হোসেন। তাওহিদ হৃদয়, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ খেলবেন লঙ্কা প্রিমিয়ার লিগে।
বিপিএলের সর্বশেষ আসর মাঠে গড়িয়েছিল এ বছরের ফেব্রুয়ারি মাসে। দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি লিগের পরবর্তী আসরের প্রস্তুতিও শুরু হয়েছে। এরই মধ্যে প্লেয়ার্স ড্রাফটের সম্ভাব্য তারিখ চূড়ান্ত করেছে বিসিবি। যদিও আসর কবে থেকে মাঠে গড়াবে সেটি এখনও চূড়ান্ত হয়নি। এ প্রসঙ্গে সুজন বলেন, ‘আমরা ইতোমধ্যে বিপিএলে অংশ নেওয়া ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে যোগাযোগ করেছি। বেশিরভাগ জানিয়েছে তারা থাকছে, দুয়েকটা দল এখনও আমাদের কিছু জানায়নি। তারা জানালে পরবর্তীকালে কী করণীয় আমরা করব..। ইতোমধ্যে একটা সময় নির্ধারণ করা হয়েছে ড্রাফটের জন্য এবং স্টেপ বাই স্টেপ যে কাজগুলো রয়েছে সেগুলো আমরা করব। প্লেয়ার্স ড্রাফট সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের দিকে হতে পারে।’
বিপিএলের সময়সূচি নিয়ে সুজন আরও বলেন, ‘এফটিপিতে বা আইসিসির বড় ইভেন্টে আমাদের যে কমিটমেন্ট থাকে, তার সঙ্গেই আমরা মানিয়ে চলি। যদি কোনো ক্ষেত্রে ফাইন টিউনিং প্রয়োজন হয়, সেটা আমরা করে নেব।’