টি-টোয়েন্টি
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩০ জুন ২০২৪ ১৮:২৬ পিএম
আপডেট : ৩০ জুন ২০২৪ ১৮:৫৭ পিএম
টি-টোয়েন্টিকে বিদায় বলে দিয়েছেন জাদেজা— সংগৃহীত ছবি
যখন সবাই তোমাকে চাইবে, তখনই ছেড়ে যাও— বিখ্যাত একটি উক্তি আছে এমন। পেশাদার ক্রীড়া ব্যক্তিত্বদের অমন সময় সবার অবশ্য খুব একটা আসে না। এসেছিল বিরাট কোহলি, রোহিত শর্মাদের। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে টি-টোয়েন্টিকে বিদায় বলেছেন তারা। সেই তালিকায় যোগ হয়েছে আরেক ভারতীয়। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দাড়ি টেনে দিয়েছেন রবীন্দ্র জাদেজাও।
২০০৯ সালে কলম্বো থেকে শুরু বার্বাডোজের কেনসিংটনে শেষ। শ্রীলঙ্কার বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয় জাদেজার। এরপর ক্রিকেটের সংক্ষিপ্ত এ ফরম্যাটে দীর্ঘ পথচলা। সবশেষ বিশ্বকাপটা যদিও খুব একটা ভালো কাটাননি। ৭ ইনিংসে মাত্র এক উইকেট নেওয়ার পর ব্যাট হাতে করেছেন মাত্র ৩৫ রান।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৭৪ ম্যাচে ৫৪ উইকেট শিকার করেছেন জাদেজা। ব্যাট হাতেও গুরুত্বপূর্ণ সময়ে জ্বলে উঠেছেন তিনি। ৪১ ইনিংসে ২১.৪৫ গড়ে ৫১৫ রান করেছেন জাদেজা।
টি-টোয়েন্টিতে ১২৭.১৬ স্ট্রাইকরেটে ব্যাট করেছেন জাদেজা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বলে দিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটটা চালিয়ে যাবেন জাদেজা। টি-টোয়েন্টি ছাড়লেও ওয়ানডে ও টেস্টে খেলবেন জাদেজা।