প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩০ জুন ২০২৪ ১৩:২৬ পিএম
রোমাঞ্চকর লড়াইয়ের মধ্য দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের পর্দা নেমেছে। গতকাল বার্বাডোজে শ্বাসরুদ্ধকর ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এই জয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে ১৭ বছর পর শ্রেষ্ঠত্বের মুকুট পরল ম্যান ইন ব্লুজরা
কুড়ি কুড়ির বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে রোহিত শর্মারা কত টাকা প্রাইজমানি পেল, তাই এখন সবার জানার আগ্রহ। প্রথমবারের মতো ২০ দল নিয়ে আয়োজিত এবারের বিশ্বকাপে সব মিলিয়ে ১১.২৫ মিলিয়ন ডলার বা ১৩২ কোটি টাকার প্রাইজমানি দিয়েছে আইসিসি। যা অতীতের সব প্রাইজমানির রেকর্ডকে ছাড়িয়ে গেছে।
এবারের চ্যাম্পিয়ন দল ভারত পেয়েছে ২.৪৫ মিলিয়ন মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় ২৮ কোটি ৭৫ লাখ টাকারও বেশি। এছাড়া রানার্স আপ দল দক্ষিণ আফ্রিকা পেয়েছে ১.২৮ মিলিয়ন ডলার বা বাংলাদেশি মুদ্রায় ১৫ কোটি ২ লাখ টাকা। এদিকে সেমিফাইনালে হেরে যাওয়া দুই দল ইংল্যান্ড ও আফগানিস্তান পেয়েছে ৭ লাখ ৮৭ হাজার ৫০০ ডলার করে।
টুর্নামেন্টের সুপার এইটে জায়গা করে নেয়া দলগুলোর জন্য ন্যূনতম প্রাইজমানি ৩ লাখ ৮২ হাজার ৫০০ ডলার, যা বাংলাদেশি টাকায় ৪ কোটি ৪৯ লাখ ২৬ হাজার টাকারও বেশি। বাংলাদেশ দল ছাড়াও অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ সুপার এইটে পা রাখায় এই প্রাইজমানি পাচ্ছে।
এবারের বিশ্বকাপে প্রতিটি ম্যাচ জয়ের জন্য দলগুলো পেয়েছে ৩১ হাজার ১৫৪ ডলার। সে হিসাবে তিন ম্যাচ জেতা বাংলাদেশ পেল ৯৩ হাজার ৪৬২ ডলার, যা বাংলাদেশি টাকায় ১ কোটি ৯ লাখ ৭৭ হাজার ৬৫৩ টাকার সমান। সব মিলিয়ে বিশ্বকাপ থেকে বাংলাদেশের আয় ৪ লাখ ৭৫ হাজার ৯৬২ ডলার বা বাংলাদেশি মুদ্রায় ৫ কোটি ৫৯ লাখ টাকারও বেশি।