প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩০ জুন ২০২৪ ১২:৪৮ পিএম
একদিন আগেই ক্রিকেট অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা একাদশে জায়গা হয়েছিল বাংলাদেশের তরুণ লেগস্পিনার রিশাদ হোসেনের। এবার আইসিসি ঘোষিত বিশ্বকাপের সেরা ফ্যান্টাসি একাদশেও জায়গা পেয়েছেন ২১ বছর বয়সি এই স্পিন অলরাউন্ডার। নিজের প্রথম বিশ্বকাপেই এই অর্জন করছেন রিশাদ। অবশ্য রিশাদের জায়গা হয়েও ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি ও রোহিত শর্মার জায়গা হয়নি এই একাদশে।
এবারের কুড়ি কুড়ির বিশ্বকাপে রিশাদ মুগ্ধ করলেও বাংলাদেশের বিশ্বকাপটা অবশ্য ভালো কাটেনি। গ্রুপ পর্বে তিন ম্যাচ জিতে সুপার এইটে পা রাখলেও কোনো ম্যাচেই জয় পায়নি নাজমুল হোসেন শান্তর দল। তবে ব্যক্তিগতভাবে বিশ্বকাপটা রাঙিয়ে রেখেছেন রিশাদ। ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপেই শিকার করেছেন ১৪ উইকেট। যা বাংলাদেশের হয়ে বিশ্বকাপের মঞ্চে এক আসরে সর্বোচ্চ উইকেটশিকার৷
বিশ্বকাপের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে রিশাদ হয়েছিলেন ম্যাচসেরা। পরের ম্যাচগুলোতেও দারুণ বোলিং করেছেন। টুর্নামেন্টে রিশাদের ইকনমি ছিল ৭.৭৬। সব মিলিয়ে এমন বোলিং তাকে ফ্যান্টাসি ক্রিকেটের সেরা একাদশে নিয়ে এসেছে। ৪৭৮ পয়েন্ট নিয়ে তিনি ঢুকে গেছেন সেরা একাদশে।
পয়েন্টের বিচারে এই তালিকায় শীর্ষে আছেন অবশ্য আফগান অধিনায়ক রশিদ খান। তার নেতৃত্বে প্রথমবার সেমিফাইনালে খেলে আফগানরা। যেখানে রশিদের পয়েন্ট ৫৭৮। এই একাদশের নেতৃত্বও দেওয়া হয়েছে রশিদ খানকে। তার ঠিক পেছনে আছেন হার্দিক পান্ডিয়া। তার পয়েন্ট ছিল ৫৪৮।
এদিকে তার সতীর্থ ফজলহক ফারুকী ৫৪৬ পয়েন্ট নিয়ে আছেন এই তালিকার তিনে। সেমিফাইনালে খেলা আফগানিস্তানের খেলোয়াড় আরও একজন আছেন এই একাদশে। রহমানউল্লাহ গুরবাজকে এখানে রাখা হয়েছে উইকেটরক্ষক ওপেনার হিসেবে। তবে ফাইনালে ম্যাচসেরা হলেও একাদশে জায়গা হয়নি বিরাট কোহলির। আসরের বাকি ম্যাচগুলোতে তার পারফরম্যান্স ছিল না আশাজাগানিয়া। ভারতকে বিশ্বকাপ জিতিয়ে হার্দিক ছাড়াও একাদশে জায়গা করে নিয়েছেন জাসপ্রীত বুমরাহ ও আরশদীপ সিং।
আইসিসির টুর্নামেন্ট-সেরা ফ্যান্টাসি একাদশ : রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ট্রাভিস হেড, ডেভিড ওয়ার্নার, ত্রিস্তান স্টাবস, হার্দিক পান্ডিয়া, মার্কাস স্টয়নিস, রশিদ খান (অধিনায়ক), ফজলহক ফারুকী, জাসপ্রীত বুমরাহ, আর্শদীপ সিং, রিশাদ হোসেন।