ইউরো চ্যাম্পিয়নশিপ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩০ জুন ২০২৪ ১২:০১ পিএম
ইউরোর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইতালি। ইতিহাস, ঐতিহ্য, শক্তিমত্তা সবকিছুতেই এগিয়ে তারা। তবে মাঠে হারিয়ে খুঁজল নিজেদের। তাদের রক্ষণে বারবার হানা দিয়ে প্রথমার্ধের শেষদিকে এগিয়ে যাওয়া সুইজারল্যান্ড চালকের আসনে বসে পড়ল দ্বিতীয়ার্ধের শুরুতে। এরপর ইতালিয়ানরা ফেরার চেষ্টা চালালেও তা যথেষ্ট হলো না। বাজে পারফরম্যান্সে বিদায় ঘণ্টা বেজে গেল লুসিয়ানো স্পালেত্তির শিষ্যদের।
শনিবার (২৯ জুন) বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে শেষ ষোলোর প্রথম ম্যাচটি ২-০ গোলে জিতেছে সুইজারল্যান্ড। সুইসদের হয়ে একটি করে গোল করেন রিমো ফ্রেউলার ও রুভেন ভারজাস। এই জয়ে প্রথম দল হিসেবে মুরাত ইয়াকিনের দল উঠে গেছে এবারের আসরের কোয়ার্টার ফাইনালে। এছাড়াও ৩১ বছর ও ১১ ম্যাচ পর ইতালির বিপক্ষে জয়ের স্বাদ পেল তারা।
ম্যাচের শুরু থেকেই একচ্ছত্র আধিপত্য দেখায় সুইজারল্যান্ড। বল দখলের অনেক ব্যবধানে এগিয়ে থাকার পাশাপাশি আক্রমণেও ভীতি ছড়ায় তারা। ফলে চাপে পড়া ইতালিকে ব্যস্ত থাকতে হয় রক্ষণ সামলানোয়। তাদের খেলাতেও ছিল না কোনো ছন্দ। ২৪তম মিনিটে দোন্নারুম্মাকে ফাঁকি দিতে পারেননি স্ট্রাইকার ব্রিল এম্বোলো। তার শট রুখে দেন এই ইতালিয়ান গোলরক্ষক।
তবে ৩৭তম মিনিটে আর পারা সম্ভব হয়নি। ভার্গাস ডি-বক্সের মধ্যে খুঁজে নেন ফাঁকায় থাকা মিডফিল্ডার ফ্রুয়েলারকে। তার প্রথম ছোঁয়া বাজে হলেও পরেরটিতে পুষিয়ে দেন তিনি। দারুণ ভলি দোন্নারুম্মার পায়ে লেগে জড়ায় জালে। যোগ করা সময়ে ব্যবধান প্রায় বাড়িয়েই ফেলেছিল সুইজারল্যান্ড। ফাবিয়ান রেইডারের ফ্রি-কিক কোনোমতে ঠেকিয়ে ইতালিকে বাঁচান দোন্নারুম্মা।
দ্বিতীয়ার্ধের খেলা শুরুর মাত্র ২৭ সেকেন্ডে দ্বিতীয়বারের মতো বল জালে পাঠিয়ে করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে ফেলে সুইসরা। মিকেল অ্যাবিশারের পাস ডি-বক্সে পেয়ে দূরের পোস্টে দিয়ে গোল করেন ভার্গাস। ইতালিয়ানদের ম্যাচে ফেরার পথ তাতে হয়ে ওঠে ভীষণ দুরূহ। আর তাতেই চেষ্টা করেও ওই গোল আর শোধ করতে পারেনি গেল আসরের ইউরো চ্যাম্পিয়ন ইতালি। এতে টানা দ্বিতীয়বারের মতো ইউরোর শেষ আটের টিকিট পেয়েছে সুইজারল্যান্ড। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ হবে ইংল্যান্ড অথবা স্লোভাকিয়া।