কোপা আমেরিকা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩০ জুন ২০২৪ ১১:১২ এএম
আপডেট : ৩০ জুন ২০২৪ ১১:৩২ এএম
গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ জিতে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল আগেই নিশ্চিত করে রেখেছিল আর্জেন্টিনা। তাই পেরুর বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচে আগের ম্যাচের একাদশ থেকে ৯ জনকে পরিবর্তন করে খেলতে নামে আকাশি-নীলরা। বিশ্রামে ছিলেন লিওনেল মেসি। নিষেধাজ্ঞা পাওয়ার কারণে ডাগআউটে ছিলেন না কোচ লিওনেল স্কালোনিও। যদিও জয় পেতে বেগ পেতে হয়নি আলবিসেলেস্তেদের। লাউতারো মার্টিনেজের জাদুতে দাপুটে জয় পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
রবিবার (৩০ জুন) মিয়ামির হার্ডরক স্টেডিয়ামে পেরুর বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে আর্জেন্টিনা। ম্যাচের দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনার পক্ষে জোড়া গোল করেন লাউতারো মার্টিনেজ। ম্যাচে ৭৪ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণ ছিল আর্জেন্টিনার। ১২টি শটের মধ্যে ৬টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়। অপরদিকে, পেরু ৬টি শটের মধ্যে লক্ষ্যে রাখে একটি।
শুরুতেই বল দখলে এগিয়ে থেকে পেরুর ওপর চাপ বাড়াতে থাকে আর্জেন্টিনা। ম্যাচের ২১ মিনিটে প্রথম সুযোগ পায় পেরু। কার্লোস জামব্রানোর হেড বাইরে দিয়ে চলে যায়। ২৭ মিনিটে দারুণ এক সুযোগ পায় আর্জেন্টিনা। পারেদেসের দূরপাল্লার ফ্রি-কিক দারুণভাবে তালুবন্দি করেন পেরু গোলরক্ষক গালেসে। বিরতির ঠিক আগে আবারও পেরুকে বাঁচিয়ে দেন গালেস। লা সেলসোর শট দারুণভাবে বাঁচিয়ে দেন তিনি। গোলশূন্যভাবেই শেষ হয় প্রথমার্ধ।
বিরতি থেকে ফিরে আক্রমণের ধার বাড়ায় আর্জেন্টিনা। যার সুফল আসে মিনিট দুয়েকের মধ্যেই। ডি মারিয়ার থেকে বল পেয়ে জালে জড়াতে ভুল করেননি লাউতারো মার্টিনেজ। এ নিয়ে তিন ম্যাচেই গোলের দেখা পেলেন বিশ্বজয়ী তারকা। ৮৬ মিনিটে আরও একটা গোল করে ব্যবধান দ্বিগুণ করেন মার্টিনেজ। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে গ্রুপের শীর্ষে থেকেই মাঠ ছাড়ে আর্জেন্টিনা।
গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনার পয়েন্ট ৯। আরেক ম্যাচে কানাডার সঙ্গে গোলশূন্য ড্র করে আসর থেকে বিদায় নিয়েছে চিলি। ৩ ম্যাচে ২ পয়েন্ট তাদের, ১ পয়েন্ট পাওয়া পেরুরও আসর শেষ। ৪ পয়েন্ট তোলা কানাডা কোয়ার্টারে খেলবে।