প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩০ জুন ২০২৪ ০৪:১৬ এএম
টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জেতার পরপরই অবসরের ঘোষণা দিয়েছেন বিরাট কোহলি। ফাইনালের নায়কের বিদায়ের ঘোষণার পর ধারণা করা হচ্ছিল রোহিত শর্মাও হয়ত বিদায় জানাবেন। কিন্তু পুরস্কার বিতরণের মঞ্চে অবশ্য এ প্রসঙ্গে কিছুই বললেন না 'হিটম্যান'। কিন্তু অফিসিয়াল সংবাদ সম্মেলনে এসে আর কোনো লুকোচুরি করেননি রোহিত। দলকে বিশ্বকাপের শিরোপা জিতিয়ে কোহলির মতো টি-টোয়েন্টি ফরম্যাটকে বিদায় বলে দিলেন ভারতীয় অধিনায়ক।
শনিবার (২৯ জুন) বার্বাডোজের ব্রিজটাউনের কেনসিংটন ওভালে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টির বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে ভারত। টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৬ রান সংগ্রহ করে ভারত। জবাবে স্নায়ুচাপে ভেঙে পড়ে শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৬৯ রানের বেশি করতে পারেনি প্রোটিয়ারা।
ম্যাচে ৫৯ বলে ৭৬ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন কোহলি। ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার নিতে এসে উপস্থাপক হার্শা ভোগলেকে তারকা এই ব্যাটার জানিয়েছেন এবার থামতে চান তিনি। নতুনদের হাতে তুলে দিতে চান ভারতের টি-টোয়েন্টি ক্রিকেটের ব্যাটন। এরপর কোহলির পদাঙ্ক অনুসরণ করলেন রোহিতও। তার অবসর ঘোষণার ঠিক ১২০ মিনিট পর হিটম্যান জানালেন তার বিদায়ের কথা।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রোহিত বলেন, ‘এটাই ভারতের হয়ে আমার শেষ টি-টোয়েন্টি ম্যাচ ছিল। এর পরে আমি আর দেশের হয়ে টি-টোয়েন্টি খেলব না। এই সিদ্ধান্ত নেওয়ার এর থেকে ভাল মুহূর্ত হতে পারে না।’ টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও অবশ্য এক দিন ও টেস্ট ক্রিকেট তিনি খেলবেন বলে জানিয়েছেন রোহিত।
ভারত অধিনায়ক বলেন, ‘আমি যখন থেকেই এই ফরম্যাট খেলেছি তখন থেকেই উপভোগ করেছি। আমি এটাই চেয়েছি- আমি বিশ্বকাপ জিততে চেয়েছিলাম। শেষ পর্যন্ত যে জিততে পেরেছি তার জন্য খুশি।’
১৫৯ ম্যাচের ক্যারিয়ার দিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটকে বিদায় জানালেন রোহিত শর্মা। বিদায়ের সময় তিনি টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ রানসংগ্রাহক। ৪ হাজার ২৩১ রান জমা হয়েছে তার নামের পাশে। জিতেছেন দুই বিশ্বকাপ। ২০০৭ সালের প্রথম বিশ্বকাপের স্কোয়াডে ছিলেন রোহিত। আর শেষ করলেন ২০২৪ সালের বিশ্বকাপ জিতে।