টি-টোয়েন্টি বিশ্বকাপ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩০ জুন ২০২৪ ০২:১০ এএম
খুব কাছে গিয়েও শিরোপা ছুঁতে না পারার আক্ষেপ মার্করামের— সংগৃহীত ছবি
আগে কখনও বিশ্বকাপের ফাইনালে উঠতে পারেনি দক্ষিণ আফ্রিকা। মনেপ্রাণে তাই জিততে চেয়েছিলেন এইডেন মার্করাম। খুব কাছে গিয়ে আপন করে ছুঁতে চেয়েছিলেন বিশ্বকাপ ট্রফি। কিন্তু ভাগ্যের কাছে আরেকবার হেরে গেলেন তারা৷ এত কাছে গিয়ে হার মানা কষ্টের হবে মার্করামের।
হওয়ারই কথা। আরেকটু হলে জিতেই গিয়েছিল তার দল। ৩০ বলে ৩০ রান। হাতে ছয় উইকেট। ক্রিজে তখনও ঝড় তোলা হেনরিখ ক্লাসেন ও ডেভিড মিলার। কিন্তু হলো উল্টো। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা হলো না তাদের। তীরে এসে ডুবল তরী। ৭ রানের এই হার বাকি প্রোটিয়াদের মতো শূল হয়ে বিঁধছে মার্করামের কলিজায়।

ট্রফির কাছ থেকে যতটা সম্ভব মুখ লুকিয়ে এলেন সংবাদ সম্মেলনে। জানালেন না পাওয়ার কথা, ‘এটা আমাদের প্রথম ফাইনাল। এটা নিয়েও আমরা গর্বিত হতে পারি। কিন্তু যথেষ্ট না। আপনি শুধু ফাইনালে উঠে তৃপ্ত হতে পারবেন না। অনেক ভালো কিছু করেছি আমরা, কিন্তু একটু কষ্ট তো হবেই।’
শিরোপা উচিয়ে ধরতে না পারলেও নিজেদের পারফরম্যান্স নিয়ে গর্বিত মার্করাম। দলের জিততে চাওয়ার মানসিকতায়ও খুশি, ‘এটা নির্দিষ্ট কোন মুহূর্ত না। দল হিসেবে আমরা আজকের ফাইনালে যেভাবে পারফর্ম করেছি তাতে আমরা গর্বিত। এতটা কাছে আসা নিয়েও আমরা গর্ববোধ করতে পারি।’