প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩০ জুন ২০২৪ ০১:৫০ এএম
হার্দিক পান্ডিয়া ম্যাচ শেষে কেঁদেই ফেলেছিলেন— সংগৃহীত ছবি
আগের তিন ওভারে আসে ৪২ রান। ক্রিজে মারকুটে হেনরিখ ক্লাসেন। ২৬ বলে অপরাজিত ৫২ রানে। সঙ্গে নয় বলে ১৫ রান করা ডেভিড মিলার। দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ জিততে প্রয়োজন ২৪ বলে মাত্র ২৬ রান৷ এমন সময় বোলিংয়ে এসে সব ওলটপালট করে দেন হার্দিক পান্ডিয়া। শেষ অবদি দলকে বিশ্বকাপও জেতান, কাঁদেন, ভারতের জাতীয় পতাকা হাতে জড়িয়ে ঝাড়েন ক্ষোভও।
সম্প্রচারকারী চ্যানেলে হার্দিক বলেন, ‘শেষ ছ'টা মাস আমার সঙ্গে অন্যায় হয়েছে, আমি একটাও কথা বলিনি।’ নানা কারণে হার্দিক চাপে ছিলেন। পারিবারিক টানাপোড়নের গুঞ্জন, আইপিএলে ভালো করতে না পারা৷ সব মিলিয়ে তার নাম হয়ে উঠেছিল ‘ছাপড়ি’। বিশ্বকাপ দলে তার থাকা নিয়েও প্রশ্ন উঠেছিল। সব কিছুর উত্তর ব্যাট-বলে মাঠে দিয়েছেন হার্দিক।

দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে বিশ্বকাপ জিতে ক্ষোভ ঝেড়েছেন হার্দিক, ‘এটা আমার জন্য অত্যন্ত আবেগের মুহূর্ত ছিল। কোনও একটা বিষয় ঠিকঠাক হচ্ছিল না। কিন্তু এই বিশ্বকাপটা দেশের সবাই চাইছিলাম। শেষ ছয় মাসে আমার সঙ্গে যা হয়েছে, সেইসময় আমি একটা কথাও বলিনি। আমার সঙ্গে অন্যয় হয়েছে। কিন্তু আমি জানতাম যে এমন একটা সময় আসবে, যখন আমি নিজেকে মেলে ধরতে পারব।’
হার্দিক এখন স্পেশাল। ভারতকে বিশ্বকাপ জেতানোর পেছানের নায়ক। অধিনায়ক রোহিত শর্মার চুমু একে দেওয়া সময়টা কিভাবে ভুলবেন হার্দিক। বিশ্বকাপ জয়ের এই স্মৃতি লড়তে এবং আরেকবার বলতে শেখালো হার্দিককে। ছাপড়ি থেকে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া, অতটা সহজ নয়।