প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৯ জুন ২০২৪ ২৩:৫৮ পিএম
আপডেট : ৩০ জুন ২০২৪ ২২:৩৮ পিএম
নেইমার ডি সিলভা
ক্লাব ফুটবলের মৌসুমে দুর্দান্ত খেলে বেশ কয়েক ফুটবলার ব্যালন ডি’অর জয়ের দৌড়ে রয়েছেন এগিয়ে। ফেভারিটদের এই লিস্টে আছেন ভিনিসিউস জুনিয়র, জুড বেলিংহাম ও কিলিয়ান এমবাপের মতো সুপারস্টাররা। তবে ক্লাব ফুটবলের পারফরম্যান্সের সঙ্গে এবার যোগ হবে খেলোয়াড়দের ইউরো ও কোপা আমেরিকার পারফরম্যান্স; যা কিনা বদলে দিতে পারে সব হিসাবনিকাশ।
ইতোমধ্যে সম্ভাব্য ব্যালন ডি’অর জয়ীদের বেছে নিয়েছেন বর্তমান-সাবেক অনেক তারকা ফুটবলার। অনেকে বাজি ধরেছেন নিজেদের পছন্দের সেরা তারকাদের নিয়ে। এই আলোচনায় এবার যোগ দিলেন নেইমার ডি সিলভা। এবার ব্যালন ডি’অর জয়ের দৌড়ে নিজের পছন্দের চার খেলোয়াড়ের নাম জানালেন নেইমার।
ব্রাজিলিয়ান মেগাস্টারের তালিকায় রয়েছেন তার সাবেক সতীর্থ কিলিয়ান এমবাপেও। তবে তার দৃষ্টিতে ফরাসি এ তারকার অবস্থান অনেক পেছনে। নেইমার নিজের পছন্দের লিস্টে যে চারজন খেলোয়াড়ের নাম জানিয়েছেন, তাদের দুজনই তার জন্মভূমি ব্রাজিলের।
স্বদেশি সাংবাদিক ইসাবেলা পাগলিয়ারির কাছে ব্যালন ডি’অর জয়ের লড়াইয়ে ফেভারিটদের নিয়ে নেইমার বলেন, ‘ভিনিসিউস থাকবে প্রথমে, এরপর রদ্রিগো ও (জুড) বেলিংহামকে যৌথভাবে দুইয়ে রাখব। আর এমবাপে তৃতীয় স্থানের জন্য লড়াই করবে।’
আগামী ২৪ অক্টোবর প্যারিসে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ব্যালন ডি’অর পুরস্কার তুলে দেওয়া হবে বিজয়ীর হাতে। আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত অবশ্য এমন নানা জল্পনাকল্পনা ডালপালা মেলতেই থাকবে।