প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৯ জুন ২০২৪ ২৩:২৮ পিএম
আপডেট : ৩০ জুন ২০২৪ ২২:৩২ পিএম
ভিনিসিয়াস জুনিয়র
কোপা আমেরিকা মাঠে গড়ালেও চেনা ভিনিসিউস জুনিয়রকে যেন পাওয়া যাচ্ছিল। একে নিষ্প্রভ হয়ে ছিলেন। তারওপর মিলছিল না গোলের দেখা। সব মিলিয়ে ব্রাজিল সমর্থকদের সমালোচনার আগুনে পুড়ে যাচ্ছিলেন তারকা এ ফরোয়ার্ড। অবশেষে প্যারাগুয়ের বিপক্ষে ডাবল গোল করে তার জবাব দিলেন।
তার জোড়া গোলের ম্যাজিকে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ৪-১ গোলে ধসিয়ে দিয়েছে প্যারাগুয়েকে। দারুণ এ জয়ে শেষ আটে উঠার লড়াইয়ে এগিয়ে রইল সেলেসাওরা।
নিজের জন্য কখনো খেলেন না। খেলেন প্রিয় জন্মভূমির জন্য। এ নিয়ে রিয়াল মাদ্রিদের এ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড বলেন, ‘একটা কথা সব সময় বলি, আমি কখনো নিজের জন্য খেলি না। আমি খেলি দলের জন্য, ব্রাজিলের জন্য, দেশের জন্য। আমি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি। সব সময় সেটা সম্ভব হয় না। আজ (গতকাল) দারুণ একটি ম্যাচ খেলেছি। আমি যে স্তরের খেলোয়াড়, এটা জানি যে জাতীয় দলকে সহায়তা করতে আমাকে উন্নতি করতে হবে। এই দল ব্রাজিলকে তার যোগ্য স্থানে নিয়ে যেতে চায়।’
প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে ডাবল গোলের আনন্দে নেইমারের মতো উদ্যাপন করেছেন ভিনিসিউস। তার এই উদযাপন নিয়ে শুরু হয়েছে আলোচনা। ভিনির সেই উদ্যাপনের ছবির কোলাজ ইনস্টাগ্রামে শেয়ার করে আল হিলালের সুপারস্টার নেইমার লেখেন, ‘আজকের জন্য অভিনন্দন।’ আগের ম্যাচে ভিনিসিউসদের ব্যর্থতায় আক্ষেপের সুর ঝরেছিল নেইমারের কণ্ঠে। গ্যালারিতে বসে খেলা উপভোগের সঙ্গে ভিনির গোলে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নেইমার।