প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুন ২০২৪ ২৩:২৫ পিএম
আপডেট : ২৯ জুন ২০২৪ ২৩:২৭ পিএম
টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শেষে শুক্রবার দেশে ফিরেছে বাংলাদেশ দল। মারকাটারি আসরে নাজমুল হোসেন শান্তর দল ৭ ম্যাচ খেলে ৩টিতে জয়ের বিপরীতে হেরেছে চারটিতে। যদিও এক আসরে সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ড এটি। পুরো বিশ্বকাপে বোলাররা দুর্দান্ত কাটালেও ধারাবাহিক বাজে পারফরম্যান্স করেন ব্যাটাররা। বিশ্বকাপে দলের পারফরম্যান্স পর্যালোচনা এবং অন্যান্য আলোচনা করতে আগামী মঙ্গলবার জরুরি বোর্ড সভা ডেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওইদিন বেলা ৩টায় মিরপুরে বিসিবির কার্যালয়ে শুরু হবে এই সভা।
জানা গেছে, বোর্ড মিটিংয়ে বিশ্বকাপের পারফরম্যান্স ছাড়াও পূর্বাচলের শেখ ক্রিকেট স্টেডিয়াম নিয়ে বড় সিদ্ধান্ত আসতে পারে। এ ছাড়া আগামী অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠেয় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের বিষয়েও বিস্তারিত আলোচনা হবে। এ ছাড়া প্রধান কোচ চণ্ডিকা হাথুরুসিংহের সঙ্গে নতুন করে চুক্তি করবে কি না সেটারও সিদ্ধান্ত আসতে পারে এই মিটিংয়ে। এর আগে গত ৯ মার্চ সর্বশেষ বিসিবির বোর্ড সভা হয়েছিল। সে সভা বিসিবির এজিএম সামনে রেখে অনুষ্ঠিত হয়।
শনিবার (২৯ জুন) বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমের মুখোমুখি হন। এ সময় তিনি জানান, বিশ্বকাপের পারফরম্যান্সে ‘সন্তুষ্ট’ না হলেও গ্রুপ পর্বের পারফরম্যান্সের কারণে বিসিবি অন্তত অসন্তুষ্ট নয়। জালাল বলেন, ‘আমরা কেউ স্যাটিসফাইড না। আমরা পারফরম্যান্স দুই ভাগে ভাগ করেছি। ওভারঅল যদি বলেন, আমাদের ইনিশিয়াল টার্গেট ছিল সেকেন্ড রাউন্ডে যাওয়া। সেটা নিয়ে আমরা খুশি।’
২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে পা রেখেছিল বাংলাদেশ। দীর্ঘ ১৪ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে এবারও পরের রাউন্ডে পা রেখেছে টাইগাররা। তাই ক্রিকেটাররা বোনাস পাবেন কি না সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি বোর্ড। এ ব্যাপারে বোর্ডের এই কর্তা বলেন, ‘বোনাসটা আমি বলতে পারছি না। এই সময় কী ধরনের বোনাস দেওয়া উচিত বা দিবে এটা বোর্ডের সিদ্ধান্ত।’