প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুন ২০২৪ ২১:৪০ পিএম
শনিবার বার্ষিক সাধারণ সভা আয়োজন করেছে বাফুফে। সভার উদ্দেশ্যই ছিল নারী ফুটবল লিগে শীর্ষ চার দলের কাউন্সিলরকে আসন্ন নির্বাচনে ভোটাধিকারের সুযোগ করে দেওয়া। বার্ষিক সাধারণ সভায় সেটারই অনুমোদন দেওয়া হয়েছে। দল চারটি হলো- সবশেষ নারী লিগের চ্যাম্পিয়ন নাসরিন স্পোর্টিং ক্লাব, রানার্সআপ আতাউর রহমান ভুঁইয়া কলেজ স্পোর্টিং এবং তৃতীয় ও চতুর্থ হওয়া বাংলাদেশ সেনাবাহিনী ও সদ্যপুস্করণী যুব স্পোর্টিং ক্লাব।
প্রায় দুই ঘণ্টা ধরে চলা বার্ষিক সভা শেষে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন নির্বাহী কমিটির বেশ কয়েকজনকে নিয়ে সংবাদ সম্মেলন কক্ষে আসেন। প্রারম্ভিক বক্তব্যে তিনি বলেন, ‘আমাদের নিয়মিত সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রুটিন কিছু বিষয়ের সঙ্গে শুধু নারী লিগের চারটি ক্লাবের কাউন্সিলরশিপ অনুমোদিত হয়েছে।’
রবিবারের সভায় সিদ্ধান্ত হলেও এই সভার কার্যবিবরণী পরবর্তী সাধারণ সভায় অনুমোদন হওয়ার পর কাউন্সিলরশিপ সক্রিয় হবে কি না জানতে চাইলে বাফুফের সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী সুনির্দিষ্ট উত্তর দিতে পারেননি। পাশে দাঁড়ানো সহসভাপতি কাজী নাবিল আহমেদ বলেন, ‘আজকের (শনিবার) সভায় সিদ্ধান্ত হওয়ায় এখন থেকেই কার্যকর। পরবর্তী সভায় কার্যবিবরণী অনুমোদন আনুষ্ঠানিকতা।’

এর আগে ২০২০ সালের ৩ অক্টোবর জমজমাট নির্বাচনের মাধ্যমে চার বছরের জন্য বাফুফের বর্তমান নির্বাহী কমিটি নির্বাচিত হয়েছিল। তখন ভোটার ছিলেন ১৩৯ জন। বিপুল ভোটারসংখ্যা নিয়ে পরের বছর অর্থাৎ ২০২১ সালে প্রশ্ন তোলে ফিফা। গত বছর জানুয়ারিতে ফিফা বাফুফেকে নির্দেশনা পাঠায় ২১ থেকে বাফুফে নির্বাহী কমিটির সদস্যসংখ্যা ১১ থেকে ১৪ জনে নামিয়ে আনতে। এ ছাড়া কাউন্সিলর সংখ্যা নামিয়ে আনতে বলেছিল একশ নিচে। অথচ রবিবারের সাধারণ সভায় হলো উল্টোটা। বছরের পর বছর জেলা লিগ আয়োজন না করা হলেও কারও কাউন্সিলরশিপ বাতিল হয়নি। অনেকে এর পেছনে ভোট-বাণিজ্যের গন্ধ পাচ্ছেন। রবিবারের এই সভায় কোনো কাউন্সিলরশিপই বাতিলের সিদ্ধান্ত হয়নি, উল্টো নারী ফুটবল লিগের শীর্ষ চার দলকে কাউন্সিলরশিপ দিয়ে তা বাড়ানো হলো। এতে ফিফার নির্দেশনা উপেক্ষা করা হলো কি না, জানতে চাইলে বাফুফে সভাপতির বলেন, ‘ফিফা আমাদের নির্দেশনা দিয়েছিল, আমরা বলেছি, কাউন্সিলর কমালে ফিফাকেই কমাতে হবে। সাধারণ সভা ছাড়া কমানো-বাড়ানো সম্ভব নয়। সাধারণ সভায় সিদ্ধান্ত হয়েছে ৪টি বাড়ানোর। আমরা এখন বিষয়টা ফিফাকে জানাব।’
এদিকে, নতুন করে কাউন্সিলরশিপ পাওয়া চারটি দলের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনী ফুটবল দল ছাড়া বাকি তিন দলই বাফুফে কর্মকর্তাসংশ্লিষ্ট। নাসরিন স্পোর্টস একাডেমির সঙ্গে মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের সম্পৃক্ততার কথা শোনা যায় ফুটবলাঙ্গনে। আতাউর রহমান ভুইয়া কলেজ স্পোর্টিং ক্লাব বাফুফে সহসভাপতি আতাউর রহমান ভুইয়া মানিকেরই। বাফুফে কর্তাদের ভোট বৃদ্ধি করতেই কি তিন মাস আগে এই সিদ্ধান্ত? সভাপতি সালাউদ্দিন ও সালাম মুর্শেদী এর সদুত্তর দিতে পারেননি। সহসভাপতি কাজী নাবিল আহমেদ এর ব্যাখ্যা দিয়েছেন, ‘আমাদের দ্বিতীয় ও তৃতীয় বিভাগ ফুটবলেও সর্বশেষ লিগের শীর্ষ দলগুলো কাউন্সিলরশপ পায়। সর্বশেষ লিগে যারা অবস্থান করে তারাই ভোটাধিকার পেয়ে থাকে। নারী লিগেও সেই নিয়ম হয়েছে। আগামীতেও যারা শীর্ষে থাকবে তারাই পাবে।’