× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল

রোহিতের জন্য মন্দিরে পূজা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ জুন ২০২৪ ২১:২৬ পিএম

ভারত যেন বিশ্বকাপ জেতে, সেই লক্ষ্যে প্রার্থণা করেছে দেশটির দর্শক-সমর্থকরা— সংগৃহীত ছবি

ভারত যেন বিশ্বকাপ জেতে, সেই লক্ষ্যে প্রার্থণা করেছে দেশটির দর্শক-সমর্থকরা— সংগৃহীত ছবি

বিরাট কোহলি একবার বড় মুখ করে বলেছিলেন, ‘পৃথিবীর যে জায়গাতেই খেলি না কেন, সমর্থকরা সঙ্গে থাকবেনই।’ সমর্থন ইস্যুতে বরাবরই ওপরের সারিতে ভারত। দেশটির জনগণের কাছে ব্যাট-বলের ক্রিকেট স্রেফ খেলা নয়, বহু মূল্যে চোকানো আবেগ। খেলোয়াড়রা পূজনীয়, তাদের অর্জনগুলো যেন মহার্ঘ্য। সাত সাগর তেরো নদীর ওপারেও তাই গ্যালারিতে চোখ আটকাবে নীলে, তা পৃথিবীর যে প্রান্তেই হোক না কেন! মেন ইন ব্লুদের সমর্থন শুধু স্টেডিয়ামেই নয়, পুরো ভারত নেমেছে প্রার্থনায়, ‘ঈশ্বর, এবার বিমুখ করবেন না।’

গতকাল শনিবার হেভিওয়েটদের ফাইনাল— ভারত নাকি দক্ষিণ আফ্রিকা, কে মেলাবে শিরোপার সমীকরণ? উত্তর জানতে ম্যাচ শেষ অবধি অপেক্ষা। তবে কত আবেগের এই ট্রফি, কত সাধনার সেটি বোঝা গেছে ভারতীয় সমর্থকদের কাণ্ডে। কেউ কেউ ‍পূজা করেছেন মন্দিরে, কেউ রেখেছেন উপোস, কারও আবার দৃঢ় প্রত্যয়, ‘শিরোপা জিতেই তবে খাবো।’ ভারতীয় সমর্থকদের সেই সমর্থন নিয়ে বার্তা সংস্থা এএফপি একটি প্রতিবেদন প্রকাশ করেছিল। ভারতের গণমাধ্যম এএনআই ডজনখানেক ভিডিও ছেড়েছে। তার সারমর্ম ছিল রোহিত শর্মাদের অকুণ্ঠ সমর্থন।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন বলছে, গতকাল সকাল থেকেই উত্তেজনার পারদ চড়ে সমর্থকদের। জড়ো হন মোড়ে, বড় শহরে। কোচ দ্রাবিড়ের শেষ ম্যাচে তার হাতে ট্রফি দেখতে চাইছেন সবাই। দেশটির বিভিন্ন মন্দিরে শুরু হয়েছে প্রার্থনা। তেমনই একজন সুমিত ডাগর। দিল্লির এই বাসিন্দা এএফপিকে বলেছেন, ‘আমি সকাল থেকেই উপোস আছি। যদি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, তবে মুখে দানাপানি দেব। ভারতের সম্ভাবনা এখানে প্রবল।’ সাদ মাজিদ নামের একজনের প্রার্থনা দ্রাবিড় শিরোপা জিতুক, ‘প্রার্থনা করছি, আমি আশাবাদী রাহুল দ্রাবিড় বিশ্বকাপ জিতবে।’

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, উত্তর প্রদেশের প্রয়াগরাজের একাধিক ভক্ত রোহিত, কোহলিদের পোস্টার হাতে নিয়ে মন্দিরে পূজা করছেন। মুম্বাইয়ের এক রোহিতভক্ত স্থানীয় সিদ্ধিবিনায়ক মন্দিরে নিজের প্রিয় খেলোয়াড়ের নামে পূজা দিয়েছেন। খোল, করতাল, ঢাক, ঢোল বাজিয়ে রীতি মেনে ভারতীয় টিমের জন্য পূজাতে মেতে উঠেছেন রোহিতদের ভক্তরা।

উত্তর প্রদেশের কানপুরেও একাধিক ভক্তকে পূজা করতে দেখা গেছে। ভারতের জার্সিতে মেতে উঠেছে সব বয়সের মানুষ। জয়ধ্বনি দিয়ে তারা জড়ো হচ্ছে মোড়ে, বড় শহরে কিংবা ফাঁকা কোনো অবস্থানে। তা ছাড়া কেনসিংটন ওভালেও গ্যালারিতে বড় সমর্থন পাবে ভারত। রোহিত শর্মার দল বিশ্বকাপ জুড়েই দর্শকদের সমর্থন পেয়েছিল। ১১ বছরের শিরোপা খরা এবার ঘুচলেই হয়!

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা