প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৯ জুন ২০২৪ ১১:৩৮ এএম
আপডেট : ২৯ জুন ২০২৪ ১১:৪৫ এএম
প্রথম ম্যাচে কোস্টারিকার বিপক্ষে হেরে কিছুটা চাপেই ছিল ব্রাজিল। পরের রাউন্ড নিশ্চিত করতে জয় ছাড়া বিকল্প ছিল না দলটির সামনে। এমন চাপের ম্যাচে জ্বলে উঠলেন ভিনিসিউস জুনিয়র। রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডের জোড়া গোলে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটের পথে এগিয়ে গেল ব্রাজিল।
আজ শনিবার সকালে কোপা আমেরিকায় ‘ডি’ গ্রুপের ম্যাচে প্যারাগুয়েকে ৪-১ ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। লাস ভেগাসের অ্যালিজায়ান্ট স্টেডিয়ামে প্রথমার্ধে ২ গোল করেন জয়ের নায়ক ভিনিসিউস। ১টি করে গোল করেন সাভিনিয়ো ও লুকাস পাকেতা।
এ ম্যাচে পেনাল্টি মিস না করলে হয়তো জোড়া গোল লেখা থাকত পাকেতার নামের পাশেও। ৩১ মিনিটে দলকে এগিয়ে নেওয়ার সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন লুকাস পাকেতা। প্যারাগুয়ে মিডফিল্ডার আন্দ্রিয়ান কুবাসের হ্যান্ডবলে পাওয়া পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন তিনি। গোলরক্ষকের নাগালের বাইরে রাখতে দিয়ে শট নেন পোস্টের বাইরে! পরের অর্ধে অবশ্য পেনাল্টি পেয়ে আর ভুল করেননি পাকেতা। ৬৫ মিনিটে ব্রাজিলের চতুর্থ গোলটি করেন তিনি।
তার আগের সময়টা কেবলই ছিল ভিনির। ম্যাচের ৫ গোলের ৩টিই হয়েছে প্রথমার্ধে। দ্বিতীয়ার্ধে দুই দলই গোল করেছে ১টি করে। প্রথমার্ধে জোড়া গোল আসে ভিনির পা থেকে। অন্যটি করেন রাইট উইঙ্গার সাভিনিয়ো।
এদিন পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের ৩৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় গোলের জন্য। পেনাল্টি স্পটের কাছে বল পেয়ে একটু এগিয়ে ঠিকানা খুঁজে নেন ভিনিসিউস। ঝাঁপিয়েও বলের নাগাল পাননি প্যরাগুয়ে গোলরক্ষক রদ্রিগো মরিনিগো।
৪৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সাভিনিয়ো। ব্রুনো গিমারাইসের শট গোলরক্ষক ফেরানোর পর লাগে প্যারাগুয়ের একজন ডিফেন্ডারের পায়ে। তিনি ঠিকমতো শট নিতে না পারলে পেয়ে যান সাভিনিয়ো। বাকিটা অনায়াসেই সারেন ২০ বছর বয়সি ফরোয়ার্ড। প্রথমার্ধের শেষ দিকে ভীষণ উত্তপ্ত হয়ে হয়ে ওঠে পরিস্থিতি। ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় ভিনিসিউস জুনিয়রকে। কয়েক মিনিট বন্ধ থাকে খেলা। জবাবটা গোল দিয়েই দেন রিয়াল মাদ্রিদ তারকা। বল ক্লিয়ার করার চেষ্টায় প্যারাগুয়ের একজন তুলে দেন ভিনিসিউসের পায়ে। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ভিনির এ গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল।
প্রথমার্ধে বড় ব্যবধানে পিছিয়ে পড়ার পর আর ম্যাচে ফেরা হয়নি প্যারাগুয়ের। এ অর্ধে সান্ত্বনার ১টি গোল পায় দলটি। দুই ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ২ নম্বরে আছে ব্রাজিল। টানা দুই হারে তলানিতে প্যারাগুয়ে। একই দিনের অন্য ম্যাচে কোস্টারিকাকে ৩-০ গোলে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে কলম্বিয়া। টানা দুই জয়ে পরের রাউন্ড নিশ্চিত করেছে তারা। ১ পয়েন্ট নিয়ে ৩-এ থাকা কোস্টারিকার সম্ভাবনা বেঁচে আছে কাগজে-কলমে।