ভিন্ন ম্যাচে আজ ও কাল মাঠে নামছে কোপার দুই জায়ান্ট
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৯ জুন ২০২৪ ০১:৩৩ এএম
আপডেট : ২৯ জুন ২০২৪ ১০:৫৬ এএম
ভিন্ন ম্যাচে আজ ও কাল মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা। ব্রাজিল ফুটবল দলের সংগৃহীত ছবি
এক ম্যাচ হাতে থাকতেই পরের রাউন্ড নিশ্চিত করেছে আর্জেন্টিনা। কোপা আমেরিকায় নিজেদের উদ্বোধনী ম্যাচে কানাডাকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে চিলির বিপক্ষে জয় তুলে নেয় লিওনেল স্কালোনির দল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে রবিবার সকাল ৬টায় পেরুকে মোকাবিলা করবে বর্তমান চ্যাম্পিয়নরা। আগেই নকআউট নিশ্চিত হওয়ায় নির্ভার হয়ে মাঠে নামতে পারছে আলবিসেলেস্তেরা। তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল নেই স্বস্তিতে। প্রথম ম্যাচে কোস্টারিকার বিপক্ষে ড্র করেছে তারা। আজকের ম্যাচে পূর্ণ তিন পয়েন্টই চাই তাদের। ডি গ্রুপের খেলায় প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামছে দরিভালের দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৭টায়।
ব্রাজিলের কোপা আমেরিকার এবারের মিশন স্বস্তিদায়ক হয়নি। কোস্টারিকার বিপক্ষে প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করে দলটি। ওই ম্যাচে ব্রাজিলের একচ্ছত্র আধিপত্য ছিল। তবে তারা প্রতিপক্ষের রক্ষণভাগে কোনো আতঙ্ক তৈরি করতে পারেনি। কোস্টারিকার রক্ষণভাগে ফাটল ধরাতে পারেনি। ব্যর্থতা সত্ত্বেও কোচ দরিভাল খেলোয়াড়দের পাশে থাকছেন। দলের কৌশল নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। প্যারাগুয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ মাঠে নামার আগে ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র দলের ওপর আস্থা রাখার জন্য সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন, ‘এটা ঠিক যে, আগের ম্যাচে যে ফল হয়েছে তা আমরা চাইনি। আমরা ভিন্ন কিছু প্রত্যাশা করেছিলাম। তবে আমাদের দল ভালো খেলেছে। মনে হয় আমরা তাদের (কোস্টারিকা) ভালো খেলার প্রশংসা করতে ব্যর্থ হয়েছি। আমরা প্রতিপক্ষকে প্রচণ্ডভাবে চাপে রেখেছিলাম। ছেলেরা যেভাবে খেলেছে তাতে আমি সন্তুষ্ট। আমাদের কাজ কেবলই শুরু হয়েছে। আমরা যা করছি তার প্রতি যদি আমাদের সন্দেহ থাকে তাহলে আমরা কিছুই অর্জন করতে পারব না।’
কোপায় ৯ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল। নক আউট পর্বে যেতে হলে আজকের ম্যাচটি তাদের জন্য গুরুত্বপূর্ণ। জয় ছাড়া বিকল্প নেই তাদের সামনে। গ্রুপে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে কলম্বিয়া। প্রথম ম্যাচে তারা প্যারাগুয়েকে ২-১ গোলে হারিয়েছে। প্রথম ম্যাচে ড্র করার পর চাপে আছেন কি নাÑ এমন প্রশ্নের জবাবে দরিভাল বলেন, ‘প্রত্যেক ম্যাচই চাপ। হোক সেটা প্রতিযোগিতার ম্যাচ বা প্রীতি ম্যাচ। ফলে চাপে তো থাকতেই হবে। এটা থেকে কখনও মুক্তি নেই।’

এদিকে স্বস্তিতে থাকা আর্জেন্টিনা পেরুর বিপক্ষে বেঞ্চের খেলোয়াড়দের শক্তি পরীক্ষা করতে পারে বলে জানা গেছে। আগের দুই ম্যাচ জেতায় পরীক্ষা-নিরীক্ষার সুযোগ পাচ্ছেন কোচ লিওনেল স্কালোনি এবং তিনি আশাবাদী আর্জেন্টিনার তরুণরা পেরুর বিপক্ষে সুযোগ কাজে লাগাবে, ‘আমরা সন্তুষ্ট এবং এখানে দিনগুলো উপভোগ করছি। পরের ম্যাচে তরুণদের শক্তি পরীক্ষা হতে পারে। আমি মনে করি তাদের সুযোগ পাওয়ার এটিই মোক্ষম সময়।’
লা আলবিসেলেস্তেরা অবশ্য অধিনায়ক মেসিকে ছাড়াই এদিন মাঠে নামতে পারেন। গত বৃহস্পতিবার অনুশীলনেও তাকে দেখা যায়নি। বিশ্রামে আছেন মেসি এমনটাই জানা গেছে দলের সূত্রে। চিলির বিপক্ষে জয়ের পর মেসি বলেন, ‘খেলার শুরুতে আমার ডান হ্যামস্ট্রিংয়ে কিছুটা অস্বস্তি অনুভব করেছি। ম্যাচ শেষ করা আমার জন্য কঠিন ছিল। তারপরও আমি খেলাটা শেষ করেছি। এখন দেখা যাক সামনে কী অপেক্ষা করছে।’
আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে খুব একটা ছন্দে নেই পেরু। নিজেদের প্রথম ম্যাচে চিলির বিপক্ষে ড্র করলেও হেরেছে কানাডার বিপক্ষে। দুই খেলায় কেবল ১ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান টেবিলের তলানিতে। শেষ আটের আশা বাঁচিয়ে রাখতে জিততে হবে ৬ পয়েন্ট পেয়ে টেবিলের শীর্ষে থাকা আর্জেন্টিনার বিপক্ষে। কাজটা যে মোটেও সহজ হবে না সেটি পেরুর ভালো জানা। কেননা এই প্রতিযোগিতায় তারা জয়খরায় ভুগছে। শেষ পাঁচ ম্যাচে জিততে পারেনি পেরু। ১৯৯৩ সালের পর থেকে সবচেয়ে বেশি ম্যাচে না জেতার তিক্ত রেকর্ড বহন করছে দলটি। আর্জেন্টিনাকে হারাতে পেরুকে দীর্ঘকালের এক রেকর্ডও ভাঙতে হবে। ১৯৯৭ সালে কোপায় আর্জেন্টিনাকে ২-১ ব্যবধানে হারিয়েছিল পেরু। ওই ম্যাচের পর আর কখনও তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের হারানোর স্বাদ পায়নি পেরু। প্রায় ২৭ বছরের অপেক্ষা ঘোচাতে পারবে পেরু? নাকি দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা তুলে নেবে আরও একটি জয়।