প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৯ জুন ২০২৪ ০০:৫৬ এএম
আপডেট : ২৯ জুন ২০২৪ ১১:০৩ এএম
শেফালি ভার্মা ও স্মৃতি মান্ধানা
মাঠের লড়াইয়ে ভারতের বৃহস্পতি এখন তুঙ্গে। ইংল্যান্ডকে ৬৮ রানের বড় ব্যবধানে হারিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের টিকিট কেটেছেন রোহিত শর্মারা। আজ শনিবার শিরোপার মঞ্চে দক্ষিণ আফ্রিকার মোকাবিলা করবে টিম ইন্ডিয়া। অন্যদিকে ঘরের মাঠে প্রোটিয়া মেয়েদের বিরুদ্ধেও দারুণ ছন্দে ভারতীয় নারী ক্রিকেট টিম।
আফ্রিকান মেয়েদের তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আগেই হোয়াইটওয়াশ করেছেন ভারতের কন্যারা। সফরকারীদের বিরুদ্ধে এবার একমাত্র টেস্টেও দুর্দান্ত খেলা আরম্ভ করেছেন হারমানপ্রীত কৌররা। শুক্রবার চেন্নাইয়ে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে জোড়া সেঞ্চুরিতে ইতোমধ্যে রানের পাহাড়ে পৌঁছে গেছে ভারত।
ভারতের শেফালি ভার্মা ছিনিয়ে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি। তার এ দ্বিশতক সেঞ্চুরি নারী টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্রুততম। রানআউট হওয়ার আগে ১৯৭ বল খেলে ২৩ চার ও ৮ ছক্কার মারে ২০৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তার আগে অস্ট্রেলিয়ার আনাবেল সাদারল্যান্ড নারীদের টেস্টে ২৪৮ বলে শতক হাঁকিয়েছিলেন। সেটা ছিল এত দিন নারী টেস্ট ক্রিকেটের দ্রুততম দ্বিশতক।
ভারতীয় ব্যাটার শেফালি গড়লেন ছক্কার রেকর্ডও। ডাবল সেঞ্চুরির পথে এ দিন ৮টি ছক্কা মারেন শেফালি। নারী টেস্টে এক ইনিংসে দুটির বেশি ছক্কা ছিল না এত দিন আর কোনো ব্যাটারের।
আর ২০০১ সালে অস্ট্রেলিয়ার কারেন রোল্টন ৩০৬ বলে ছুঁয়েছিলেন ডাবল সেঞ্চুরির মাইলফলক। তাদের সবাইকে টপকে নিজের পঞ্চম টেস্টে প্রথম সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে রূপ দেন শেফালি। সে আবার মাত্র ১৯৪ বলে। অন্যদিকে ২৭ চার ও ১ ছক্কার মারে ১৬১ বলে ১৪৯ রান করেন স্মৃতি মান্ধানা।
চেন্নাই টেস্টের প্রথম দিন শুরু থেকেই ওয়ানডে মেজাজে ব্যাটিং করতে থাকেন দুই ওপেনার স্মৃতি-শেফালি। ভারতের উদ্বোধনী জুটি থামেন দলীয় ২৯১ রানে। মেয়েদের টেস্ট ক্রিকেটের প্রায় ৯০ বছরের ইতিহাসে সবচেয়ে বড় উদ্বোধনী জুটির রেকর্ড এটি।
অল্পের জন্য সেঞ্চুরির হ্যাটট্রিক হয়নি ভারতের ক্রিকেট ‘কুইন’ স্মৃতি মান্ধানার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে শতক হাঁকালেও শেষ ম্যাচে নার্ভাস নাইনটিতে এসে (৯০) ফিরে যান। জার্সির রঙ বদলে গেলেও স্মৃতির ব্যাটিংয়ের ধার কমেনি একটুও। চেন্নাইতে প্রথম ইনিংসেই সেঞ্চুরি তুলে নিলেন স্মৃতি মান্ধানা।