× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোহলির সেরাটা ফাইনালেই!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ জুন ২০২৪ ২৩:০৩ পিএম

ফাইনালে স্বরুপে ফিরবেন কোহলি, বিশ্বাস রোহিত, দ্রাবিড়ের; ছবি: সংগৃহীত

ফাইনালে স্বরুপে ফিরবেন কোহলি, বিশ্বাস রোহিত, দ্রাবিড়ের; ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি রানের মালিক। সর্বশেষ আসরেও সর্বোচ্চ রান এসেছে বিরাট কোহলির ব্যাটে। বর্তমান সময়ের অন্যতম সেরা এই ব্যাটার এবার রানের জন্য রীতিমতো হাঁসফাঁস করছেন। মারকাটারি এই আসরে কোনোভাবেই রানখরার বৃত্ত থেকেই বের হতে পারছেন না। এজন্য নেটিজেনদের অনেকে তার সমালোচনা করছেন। তবে কঠিন সময়ে অধিনায়ক রোহিত শর্মা ও কোচ রাহুল দ্রাবিড়কে পাশে পাচ্ছেন তিনি। এ দুজনের বিশ্বাস, কোহলি সম্ভবত ফাইনালকেই রানে ফেরার উপলক্ষ বানাবেন!

আইপিএলের সবশেষ আসরে সর্বোচ্চ রান সংগ্রাহকের পুরস্কার জিতেছেন কোহলি। তবে বিশ্বকাপের মঞ্চে এসেই যেন মুদ্রার উল্টো পিঠ দেখছেন। ডানহাতি এই ব্যাটার কুড়ি কুড়ির বিশ্বকাপে এখন পর্যন্ত সাত ইনিংসে ১০.৭১ গড়ে মাত্র ৭৫ রান করেছেন। এমন ব্যাটিংয়ে কোহলিকে দাঁড় করিয়ে দিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপে ওপেনারদের লজ্জার এক রেকর্ডে। এক আসরে ন্যূনতম পাঁচ ইনিংস ওপেন করেছেন, এমন ব্যাটসম্যানদের মধ্যে কোহলির গড় তৃতীয় সর্বনিম্ন, যা তার মতো তারকা ক্রিকেটারের নামের সঙ্গে বেমানান। 

সবশেষ ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে দারুণ এক ছক্কা হাঁকিয়ে রানে ফেরার ইঙ্গিত দিচ্ছিলেন কোহলি। কিন্তু দুই বল পরই ক্লিন বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান তিনি। আউটের ধরন দেখে মেজাজ ধরে রাখতে পারেননি ভারতের সাবেক ক্রিকেটার রবি শাস্ত্রী। স্টার স্পোর্টসে বলেন, ‘পরিস্থিতি অনুযায়ী কোহলির স্বাভাবিক খেলাটা খেলা উচিত। যখন খারাপ ফর্মের সঙ্গে লড়াই করতে হচ্ছে, তখন এরকমভাবে আউট হতে হয়। তার অপেক্ষা করা উচিত ছিল, কিন্তু খুব বাজে শট খেলে প্যাভিলিয়নে ফিরেছে।’

তবে কোহলির সামর্থ্য নিয়ে কারও প্রশ্ন থাকার কথা নয়। কুড়ি কুড়ির বিশ্বকাপের আগের ২৫ ইনিংসে ১৪ ফিফটি ও ৮১.৫০ গড়ে ১ হাজার ১৪১ রান করেন তিনি। রোহিত শর্মাও তার অভিজ্ঞতায় আস্থা রাখছেন। ফাইনালে কোহলির স্বাভাবিক ছন্দ দেখার ইঙ্গিত ভারতীয় অধিনায়কেরÑ ‘দেখুন, সে একজন উঁচুমানের ক্রিকেটার। আমরা তার জাতটা জানি এবং বড় ম্যাচে তার গুরুত্বটাও বুঝি। ১৫ বছর ক্রিকেট খেলার পর ফর্ম কখনও ক্রিকেটারের পরিচায়ক নয়। তাকে দেখে ভালো মনে হচ্ছে। (তার ব্যাটিংয়ে) তাড়নাটা আছে। সম্ভবত ফাইনালের জন্য নিজেকে জমিয়ে রেখেছে।’

ভারতের কোচ রাহুল দ্রাবিড়ও মনে করেন, ফাইনালেই রানে ফিরবেন কোহলি, ‘এমন কিছু বলতে চাই না যাতে হিতে বিপরীত হয়; তবে আমার মনে হয় বড় কিছুই আসছে। তার (কোহলি) আচরণ ভালো লাগে এবং মাঠে যেভাবে নিজেকে নিংড়ে দেয়Ñ আমার মনে হয় তার এটা (রানে ফেরা) প্রাপ্য।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা