কোপা আমেরিকা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৮ জুন ২০২৪ ১৪:৫৩ পিএম
আপডেট : ২৮ জুন ২০২৪ ১৫:০৬ পিএম
কোপা আমেরিকায় টানা দ্বিতীয় জয় উৎসব করল উরুগুয়ে। আজ শুক্রবার মেটলাইফ স্টেডিয়ামে বলিভিয়াকে ৫-০ গোলে হারিয়েছে সাবেক চ্যাম্পিয়নরা। দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনাল প্রায়ই নিশ্চিত মার্সেলো বিয়েলসার দলের। কোপার ইতিহাসে এটি উরুগুয়ের অন্যতম বড় জয়। ১৯৫৯ সালে গ্রুপ পর্বে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে একই ব্যবধানে হারিয়েছিল তারা। বলিভিয়ার বিপক্ষে বড় জয়েও তৃপ্ত নন উরুগুয়ের কোচ। তার দাবি, ভুল না হলে ব্যবধান আরও বাড়ত। এমনকি এখন পর্যন্ত মূল প্রতিযোগী কোনো দলের বিপক্ষে খেলেনি তার দল, সেটাও জানিয়ে রাখলেন তিনি।
এদিন ম্যাচের প্রথমার্ধে ২টি ও বিরতির পর আরও ৩ গোল করে উরুগুয়ে। ৮ মিনিটে ফাকুন্দো পেলিস্ত্রির গোলের ১৩ মিনিট পর গোল আদায় করেন ডারউইন নুনিজ। বিরতির পর ৭৭ মিনিটে ম্যাক্সিমিলিয়ানো আরাউহোর গোলে ম্যাচ মোটামুটি শেষই হয়ে গিয়েছিল। তবে শেষটা আরও রাঙিয়ে দেন তারা। ম্যাচঘড়ির ৮১ মিনিটে ফেদেরিকো ভালভের্দে ও ৮৯ মিনিটে রদ্রিগো বেন্তাঙ্কুরের সৌজন্যে আরও ২টি গোল পায় উরুগুয়ে।
ম্যাচ শেষে উরুগুয়ের কোচ বিলেসার বলেছেন, ‘আমি তাদের (পানামা ও বলিভিয়া) ছোট করে দেখছি না। সত্যিকার অর্থে এখন পর্যন্ত যে দুটি টিমের মুখোমুখি হয়েছি তারা কেউই টাইটেল লড়াইয়ের মূল প্রতিযোগী নয়। এ ছাড়া যে দুটি ম্যাচ জিতেছি কোনোটিই গুরুপূর্ণ দলের বিপক্ষে নয়। এমন অবস্থায় নিজেদের যাচাই এবং ফেভারিট বলাটাও সম্যক মনে করছি না।’
এদিন আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে কোপার অন্য ম্যাচে যুক্তরাষ্ট্রকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের দৌড়ে যোগ দিয়েছে পানামা। দুই দল মিলে ২২ ফাউলের এ ম্যাচে হট্টগোল হয়েছে কয়েকবার। ১৮ মিনিটে পানামার সেন্টারব্যাক রডেরিক মিলারের মাথায় আঘাত করে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন যুক্তরাষ্ট্রের উইঙ্গার টিমোথি উইয়াহ। ৪ মিনিট পর ফ্লোরিন বালুগানের গোলে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। তার আগে ম্যাচে ২০ মিনিটের মধ্যে যুক্তরাষ্ট্রের ওয়েস্টন ম্যাককেনি ১টি গোল করলেও অফসাইডের কারণে সেটি বাতিল হয়।
দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপে উরুগুয়ের পরই দ্বিতীয় যুক্তরাষ্ট্র। মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ৭টায় গ্রুপে নিজেদের শেষ ম্যাচে উরুগুয়ের মুখোমুখি হবে যুক্তরাষ্ট্রে। কোয়ার্টার ফাইনালে উঠতে উরুগুয়ের বিপক্ষে এ ম্যাচে জিততেই হবে যুক্তরাষ্ট্রকে।