টি-টোয়েন্টি বিশ্বকাপ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ জুন ২০২৪ ১৮:৩৪ পিএম
আপডেট : ২৭ জুন ২০২৪ ১৮:৫৯ পিএম
টি-টোয়েন্টি বিশ্বকাপে এক আসরে সর্বোচ্চ উইকেটশিকারি এখন ফারুকি; ছবি : ইএসপিএন ক্রিকইনফো
ইতিহাস গড়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি
বিশ্বকাপে সেমিফাইনালে উঠেছিল আফগানিস্তান। কিন্তু দক্ষিণ আফ্রিকার কাছে ৯ উইকেটে হেরে
বিদায় নিয়েছে রশিদ খানরা। তবে দল হারলেও অনন্য এক কীর্তি গড়েছেন আফগান পেসার ফজল হক
ফারুকি। কুড়ি কুড়ির বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ উইকেট শিকারের বিশ্বরেকর্ড গড়েছেন
বাঁহাতি এই পেসার।
বৃহস্পতিবার (২৭ জুন) ক্রিনিদাদের ব্রায়ান
লারা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে মাত্র ৫৬ রানে অলআউট হয়ে যায়
আফগানিস্তান। এরপর রান তাড়ায় ৮.৫ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় দক্ষিণ
আফ্রিকা। ম্যাচে প্রোটিয়াদের ইনিংসের কুইন্টন ডি ককের উইকেটটি শিকার করে ইতিহাসের পাতায়
ঢুকে গেছেন ফারুকি।
ইনিংসের দ্বিতীয় ওভারে কুইন্টন ডি কককে
বোল্ড করেন ফারুকি। যা চলতি আসরে তার ১৭তম উইকেটের দেখা। যা এই আসর তো বটেই টি-টোয়েন্টি
বিশ্বকাপের ইতিহাসের সর্বোচ্চ। ছাড়িয়ে গেছেন লঙ্কান লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গার
১৬ উইকেটের রেকর্ড।
টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত সময়
কেটেছে ফারুকির। নিয়মিত উইকেট শিকার করেছেন, দেখা পেয়েছেন ফাইফারেরও। সবমিলিয়ে ৮ ম্যাচে
২৫.২ ওভার বল করে ১৭ উইকেট শিকার করেছেন তিনি। তার দাপুটে পারফরম্যান্সে দলও পৌঁছে
গিয়েছিল সেমিফাইনালে। কিন্তু ভাগ্য সহায় হয়নি। চরম ব্যাটিং ব্যর্থতায় কোনোরকম প্রতিদ্বন্দ্বিতাই
করতে পারেনি আফগানরা।
টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ উইকেট :
*ফজল হক ফারুকি - ১৭ উইকেট - আফগানিস্তান(২০২৪)
*ওয়ানিন্দু হাসারাঙ্গা - ১৬ উইকেট - শ্রীলঙ্কা (২০২১)
*অজান্তা মেন্ডিস - ১৫ উইকেট - শ্রীলঙ্কা (২০১২)