প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ জুন ২০২৪ ০০:১২ এএম
আপডেট : ২৭ জুন ২০২৪ ১১:৩৯ এএম
সাকিব আল হাসান
২০ ওভারের বিশ্বকাপের আগেও সাকিব আল হাসান ছিলেন নাম্বার ওয়ান অলরাউন্ডার। র্যাঙ্কিংয়ে তার অবস্থান ছিল সবার ওপরে। কিন্তু বিশ্বমঞ্চে প্রথম দুই ম্যাচে ব্যাট-বলে জ্বলে উঠতে পারেননি। সে বাজে পারফরম্যান্সের প্রভাব পড়েছিল তার র্যাঙ্কিং পজিশনে। বিশ্বকাপের মাঝপথে এসে সাকিব পিছিয়ে চলে যান ৫ নম্বরে। সে সময় তাকে হটিয়ে শীর্ষস্থান দখলে নেন লঙ্কান স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা।
পরে বিশ্বকাপের মাঝেই আরও একবার র্যাঙ্কিংয়ে উন্নতি করেন। হালনাগাদকৃত তালিকায় সাকিব উঠে যান ৩ নম্বরে। তখন হাসারাঙ্গাকে টপকে শীর্ষে উঠে ছিলেন অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস। এবার টোয়েন্টি টোয়েন্টির বৈশ্বিক আসরের সুপার এইট পর্ব শেষে হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ের রাজত্ব ফিরে পেয়েছেন হাসারাঙ্গা। শীর্ষস্থান পুনরুদ্ধার করেছেন লঙ্কান এ তারকা অলরাউন্ডার।
র্যাঙ্কিংয়ে আফগানিস্তানের মোহাম্মদ নবিও উন্নতি করেছেন। জায়গা করে নিয়েছেন দ্বিতীয় স্থানে। এ ছাড়া ভারতীয় তারকা অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া উঠে গেছেন শীর্ষ ৩-এ। স্টয়নিস শীর্ষস্থান খুইয়ে নেমে গেছেন ৪-এ। ৫-এ রয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। তার পরই আছেন এখন সাকিব। ২০৬ রেটিং পয়েন্টের পুঁজি নিয়ে বাংলাদেশের এ ক্রিকেট মহাতারকার অবনমন হয়েছে ষষ্ঠ স্থানে।
গত এক যুগের মধ্যে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে সাকিব কখনও ৫-এর নিচে নামেননি। ২০১২ সালের ২১ সেপ্টেম্বরের পর এ প্রথম ৬-এ নেমে গেলেন সাকিব। শীর্ষ ১০-এ সাকিবের পরে রয়েছেন যথাক্রমে নেপালের দীপেন্দ্র সিং অইরি, দক্ষিণ আফ্রিকার অ্যাইডেন মারকাম এবং ইংল্যান্ডের মইন আলি ও লিয়াম লিভিংস্টোন।
অন্যদিকে টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ১ নম্বর পজিশন হারিয়েছেন সূর্যকুমার যাদব। ভারতের এ ব্যাটারকে সরিয়ে শীর্ষে পৌঁছে গেছেন অস্ট্রেলিয়ান ওপেনার ট্রাভিস হেড। অস্ট্রেলিয়া ইতোমধ্যে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। এ কারণে সূর্য ফের শীর্ষস্থান পুনরুদ্ধারের সুযোগ পাচ্ছেন এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপেই।