× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আফগানদের ফাইনালে তুলে ইতিহাস গড়তে চান ট্রট

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ জুন ২০২৪ ১৫:০১ পিএম

আপডেট : ২৬ জুন ২০২৪ ১৬:০৩ পিএম

জনাথন ট্রট। ছবি : সংগৃহীত

জনাথন ট্রট। ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো শেষ চারে উঠেছে আফগানিস্তান। দেশটিতে চলছে আনন্দ-উৎসব। সেই উচ্ছ্বাসে উচ্ছ্বসিত দলটির প্রধান কোচ জনাথন ট্রট। উৎসবের সেই মাত্রাকে আরও বাড়িয়ে দিতে চান বলে জানিয়েছেন ইংলিশ এই কোচ। সেজন্য আগে সেমিফাইনালে হারাতে চান দক্ষিণ আফ্রিকাকে। যদিও প্রোটিয়ারা শক্তিমত্তায় অনেক বড় দল। তবে টি-টোয়েন্টি ক্রিকেটে যে কাউকেই আফগানিস্তান হারাতে পারে বলে বিশ্বাস ট্রটের।

আত্মবিশ্বাসী আফগানিস্তান আগামীকাল ভোর সাড়ে ৬টায় মুখোমুখি হবে প্রোটিয়াদের। বৈশ্বিক আসরের নকআউটে দক্ষিণ আফ্রিকা নড়বড়ে দল। এটাও জানেন ট্রট। সেটা নিয়ে তার কোনো চিন্তা নেই। ভয় করলে ইতিহাস হবে না বলে বিশ্বাস করেন সাবেক এ ইংলিশ ক্রিকেটার। সেন্ট ভিনসেন্টে বাংলাদেশকে সুপার এইটের শেষ ম্যাচে ৮ (ডি/এল) রানে হারায় আফগানিস্তান। তাদের জয়ে বিদায় ঘটে অস্ট্রেলিয়ারও। দক্ষিণ আফ্রিকা এবার বিশ্বকাপে একটি ম্যাচও হারেনি। আফগানিস্তানও ভালো খেলছে। সব মিলিয়ে ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে রোমাঞ্চকর সেমিফাইনাল হতে যাচ্ছে। 

আফগানিস্তান ওয়ানডে ফরম্যাটের বিশ্বকাপেও কখনও সেমিফাইনাল খেলেনি। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা ১৯৯৮ সালে আইসিসি মিনি বিশ্বকাপের (বর্তমান নাম চ্যাম্পিয়নস ট্রফি) শিরোপা জিতেছিল। এরপর কোনো মেজর ট্রফি নেই তাদের। ১৯৯৯ বিশ্বকাপের সেমিফাইনালে হতাশা উপহার দেয় দক্ষিণ আফ্রিকা। ২০০৩ সালেও ছিল একই চিত্র। তারপর অনেক বছর পেরিয়ে গেলেও তেমন কিছু করতে পারছে না প্রোটিয়ারা।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের আগে সংবাদ মাধ্যমকে ট্রট বলেছেন, ‘আমরা সেমিফাইনালে এসেছি ভয়ডর ছাড়া। আর ভয়ডর থাকলে ইতিহাস গড়া হবে না। আমরা এখন যাব আর নিজেদের সবটুকু ঢেলে দেব। আমাদের তো হারানোর কিছু নেই। চাপ তো প্রতিপক্ষের (দক্ষিণ আফ্রিকা)।’

ট্রট ইংল্যান্ডের হয়ে অ্যাশেজ জিতেছেন। তবে জন্ম ও বেড়ে উঠা তার দক্ষিণ আফ্রিকায়। সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা পা হড়কাতে পারে সে প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের এসব নিয়ে কোনো ভাবনা নেই। আগের বছরগুলোয় কীভাবে তারা সেমিফাইনালে ব্যর্থ হয়েছে বলতে পারব না। আমি শুধু নিজেদের নিয়ে ভাবছি।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা