ইউরোতে জোড়া ড্রয়ের রাত
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ জুন ২০২৪ ১২:১৯ পিএম
আপডেট : ২৬ জুন ২০২৪ ১২:৪৩ পিএম
ম্যাচের ফলাফলে হতাশ জুড বেলিংহাম। সংগৃহীত ছবি
ইউরো চ্যাম্পিয়নশিপে ‘সি’ গ্রুপের খেলায় ইংল্যান্ডকে রুখে দিয়েছে স্লোভেনিয়া। সার্বিয়ার সঙ্গে নিষ্ফলা লড়াই করেছে ডেনমার্ক। জয় দূরের কথা, দুটো ম্যাচে কেউ গোলই করতে পারেনি। তবে হোঁচটের পরও গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে উঠে গেছে ইংল্যান্ড। তিন ম্যাচে ৫ পয়েন্ট ইংলিশদের।
প্রতিযোগিতায় এটি ইংল্যান্ডের টানা দ্বিতীয় ড্র। তবে ডেনমার্ক ও স্লোভেনিয়া তিনটি ম্যাচেই ড্র করেছে। দুই দলেরই সংগ্রহ সমান ৩ পয়েন্ট। ড্যানিশরা গ্রুপের রানার্সআপ হয়েছে। আর তৃতীয় সেরা দলের কোটায় পরের রাউন্ডে উঠেছে স্লোভেনিয়া। তিন ম্যাচে ২ পয়েন্ট নিয়ে ছিটকে গেল তলানিতে থাকা সার্বিয়া।
বায়ার্ন মিউনিখের অ্যালিয়াঞ্জ অ্যারেনায় ডেনমার্ক ও সার্বিয়ার প্রথমার্ধে প্রায় নিষ্প্রাণ লড়াই হয়েছে। ৫৪ মিনিটে ১টি গোলও হয়েছিল। লুকো জোভিচ উচ্ছ্বাসে ভাসান সার্বিয়াকে। কিন্তু গোলটা বাতিল হয়ে যায় অফসাইডের কারণে। হতাশ হয়ে পড়ে সার্বিয়ানরা। এ হতাশা শেষ পর্যন্ত তাদের বিষাদে পরিণত হয়।

ডেনমার্কের মতো ড্রয়ের বৃত্তে আটকে গেছে হট ফেভারিট ইংল্যান্ডও। কোলন স্টেডিয়ামে ম্যাচজুড়ে ছন্নছাড়া ফুটবল খেলেছে ইংলিশরা। সে তুলনায় দারুণ খেলেছে স্লোভেনিয়া। কেবল গোলটাই পায়নি তারা। ইংলিশরা অবশ্য ম্যাচের ২০ মিনিটে একবার জালের নাগাল পেয়েছিল।
ফিল ফোডেনের সহাতায় গোল করেন আর্সেনাল তারকা বুকায়ো সাকা। কিন্তু ফোডেন অফসাইডে থাকায় বাতিল হয় সাকার গোলটা। পরে ফোডেন ও হ্যারি কেইন সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। ৭১ মিনিটে আসরে প্রথমবারের মতো মাঠে নামেন আলোচিত মিডফিল্ডার কোল পালমার। কিছু করতে পারেননি তিনিও।
জার্মানি, সুইজারল্যান্ড, স্পেন, ইতালি, ইংল্যান্ড, নেদারল্যান্ডস, ফ্রান্স, পর্তুগাল, ডেনমার্ক, স্লোভেনিয়া, অস্ট্রিয়া।
স্কটল্যান্ড, ক্রোয়েশিয়া, আলবেনিয়া, পোল্যান্ড, সার্বিয়া।