× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টি-টোয়েন্টি বিশ্বকাপ

হ্যাটট্রিক আছে, সেঞ্চুরি নেই

আবদুল্লাহ আল মাসুম

প্রকাশ : ২৫ জুন ২০২৪ ১৭:২৫ পিএম

আপডেট : ২৫ জুন ২০২৪ ১৮:০২ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকম্যান ব্রেট লি ও সেঞ্চুরিয়ান ক্রিস গেইল; কোলাজ ছবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকম্যান ব্রেট লি ও সেঞ্চুরিয়ান ক্রিস গেইল; কোলাজ ছবি

ক্রিকেটে বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটারদের সেঞ্চুরি আর বোলারদের হ্যাটট্রিক, সবচেয়ে বেশি কাঙ্ক্ষিত। মাত্র ২০ ওভারের খেলায় একজন ব্যাটারের সেঞ্চুরি আর বোলারের হ্যাটট্রিক বিরল ঘটনা বৈকি? এবারের বিশ্বকাপে বোলাররা নিয়মিতভাবে হ্যাটট্রিক পেলেও এখন পর্যন্ত সেঞ্চুরির নাগাল পাননি কোনো ব্যাটার। এদিকে সুপার এইট রাউন্ড শেষে সেমিফাইনালও চূড়ান্ত হয়ে গেছে। আর ম্যাচ বাকি আছে তিনটি। এরই মধ্যে হয়ে গেছে তিন তিনটি হ্যাটট্রিক। অথচ সেঞ্চুরির দেখা নেই। বেশিরভাগ বোলারই উৎসব করছেন নিয়মিতভাবে। কিন্তু রানের জন্য সংগ্রাম করতে হচ্ছে ব্যাটারদের। শঙ্কা দেখা দিয়েছে সেঞ্চুরিবিহীন বিশ্বকাপের। 

টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ৬১টি হ্যাটট্রিক পেয়েছেন বোলাররা। যার মধ্যে কুড়ি কুড়ির বিশ্বমঞ্চে এখন পর্যন্ত হ্যাটট্রিক হয়েছে ৯টি। যার তিনটিই এসেছে চলতি আসরে। যেখানে বাংলাদেশ ও আফগানিস্তানের বিপক্ষে টানা দুই ম্যাচে হ্যাটট্রিক করে বিরল কীর্তি গড়েছেন অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্স, যা টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসেরই প্রথম ঘটনা। এ ছাড়া আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের পঞ্চম। আর যুক্তরাষ্ট্রের বিপক্ষে তৃতীয় হ্যাটট্রিকটি পান ইংল্যান্ডের পেসার ক্রিস জর্ডান, যা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে কোনো ইংলিশ বোলারের প্রথম হ্যাটট্রিকের ঘটনা। 

কামিন্স ও জর্ডানের মাইলফলক স্পর্শ করার আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে হ্যাটট্রিকের স্বাদ পেয়েছেন ছয় বোলার। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে হ্যাটট্রিক পান অস্ট্রেলিয়ার পেসার ব্রেট লি। যা আবার কি না আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের প্রথম ঘটনা। বিশ্বমঞ্চে পরের হ্যাটট্রিক পেতে অপেক্ষা করতে হয় ১৪ বছর। ২০২১ সালের আসরে আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্ফার, শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা এই কীর্তিতে নাম লেখান। ২০২২ সালে পরের আসরে সংযুক্ত আরব আমিরাতের কার্তিক মায়াপ্পন এবং আইরিশ পেসার জশ লিটলও এই ক্লাবের সদস্য হন।

এখন পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে সেঞ্চুরির সংখ্যা ১১টি। যার মধ্যে আবার ২০১০, ২০১৪, ২০১৬ ও ২০২২ বিশ্বকাপে দেখা মিলেছে জোড়া সেঞ্চুরির। এ ছাড়া ২০০৭, ২০১২, ও ২০২১ সালের আসরে ছিল একটি করে সেঞ্চুরি। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরের উদ্বোধনী ম্যাচেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি হাঁকান ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা ব্যাটার ক্রিস গেইল। ২০১৬ বিশ্বকাপে আরেকটি সেঞ্চুরি হাঁকান 'ইউনিভার্স বস' খ্যাত এই ব্যাটার। তিনিই একমাত্র ব্যাটার যার কুড়ি কুড়ির বিশ্বকাপে জোড়া সেঞ্চুরির কীর্তি রয়েছে। 

এই তালিকায় থাকা বাকি ব্যাটাররা হলেন- ভারতের সুরেশ রায়না (২০১০), শ্রীলঙ্কার মাহেলা জয়বর্ধনা (২০১০), নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম (২০১২), ইংল্যান্ডের অ্যালেক্স হেলস (২০১৪), পাকিস্তানের আহমেদ শেহজাদ (২০১৪), বাংলাদেশের তামিম ইকবাল (২০১৬), ইংল্যান্ডের জশ বাটলার (২০২১), দক্ষিণ আফ্রিকার রেইলি রুশো (২০২১) ও নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস (২০২২)। টি-টোয়েন্টি বিশ্বকাপে আগের আট আসরে একবারই শুধু সেঞ্চুরি হয়নি। ২০০৯ সালের ইংল্যান্ড বিশ্বকাপ ছিল সেঞ্চুরিবিহীন। বাকি সাতটি টুর্নামেন্টেই সেঞ্চুরির কৃতিত্ব দেখিয়েছেন ব্যাটাররা।

এবার দীর্ঘ দেড় দশক পর জেগে উঠেছে আরেকটি সেঞ্চুরিবিহীন বিশ্বকাপের শঙ্কা। শেষাঙ্কে এসে ব্যাটাররা তিন অঙ্কের ম্যাজিক্যাল ঘর স্পর্শ করতে পারেন কি না সেটাই এখন দেখার ব্যাপার। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা