কোপা আমেরিকা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ জুন ২০২৪ ০৯:১৫ এএম
আপডেট : ২৫ জুন ২০২৪ ১১:২১ এএম
কোপা আমেরিকায় শিরোপা পুনরুদ্ধারের মিশনে শুরুটা ভালো হলো না ব্রাজিলের। র্যাঙ্কিংয়ে ৪৭ ধাপ পিছিয়ে থাকা কোস্টারিকার বিপক্ষে সহজ জয়ের প্রত্যাশা ছিল। কিন্তু মাঠের খেলায় ভক্তদের প্রত্যাশা পূরণ করতে পারেননি সেলেসাওরা। ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো, রাফিনহারা গোলের একাধিক সুযোগ নষ্ট করেছেন। আর তাতেই গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছেড়েছে দোরিভাল জুনিয়রের শিষ্যরা।
মঙ্গলবার (২৫ জুন) ইংলেউডের সোফি স্টেডিয়ামে ডি গ্রুপের নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও কোস্টারিকা। ম্যাচের শুরু থেকেই আগের চার দেখাতেই কোস্টারিকাকে হারানোর দাপুটে ভাবটাই ধরে রেখেছিল সেলেসাওরা। কিন্তু প্রথমার্ধে ব্রাজিলের ১টি গোল অফসাইডে বাতিল হলে শেষ পর্যন্ত গোলশূন্য অবস্থায় টানেলে ফিরতে হয় দুই দলকে।
আক্রমণে ধার বাড়াতে ৪-২-৩-১ ফরমেশনে এদিন দলকে নামিয়েছিলেন দোরিভাল জুনিয়র। তাতে শুরু থেকেই আগ্রাসি ছিলেন তারা। ৭ মিনিটেই গোলমুখে প্রথম শট নেন রাফিনহা। কিন্তু জালের দেখা পায়নি বার্সেলোনা ফরোয়ার্ড। এর পর থেকেই কোস্টারিকার রক্ষণে একের পর এক আক্রমণ করেই যায় ভিনিসিয়ুস-রদ্রিগো-লুকাস পাকেতারা।
বিরতির পর শুরু থেকেই কোস্টারিকার কঠিন পরীক্ষা নিয়েছে ব্রাজিলের অ্যাটাকিং লাইনআপ। বল দখল, গোলে শট সবকিছুতেই এগিয়ে ছিল সেলেসাওরা। কিন্তু কাজের কাজটা করা হয়নি। এমনকি ৬৩ মিনিটে লুকাস পাকেতার শট সবাইকে ফাঁকি দিলেও ফিরে আসে গোলবার থেকে।
এর পরই ব্রাজিল কোচ মাঠে নামান রিয়ালের তরুণতুর্কি এন্ড্রিককে। এতে ব্রাজিলের খেলার ধার বাড়ে আরেক দফা। মাঠে নেমেই স্কোরশিটে নাম তুলতে পারতেন এন্ড্রিক। কিন্তু তাকে হতাশ করেছেন কোস্টারিকার গোলরক্ষক প্যাট্রিক সেকুইয়েরা। পুরো ম্যাচেই তিনি ছিলেন অসাধারণ। বিশেষ করে দ্বিতীয়ার্ধে অন্তত দুবার দলকে নিশ্চিত গোলের হাত থেকে রক্ষা করেছেন।
৭৯ মিনিটে গুইলার্মো অ্যারানার ডি-বক্সের বাইরে থেকে নেওয়া শট যেভাবে ফিরিয়েছেন, তাতে বিস্ময় জাগাটাই স্বাভাবিক। বদলি নামা ব্রুনো গিমারায়েসও সুযোগ পেয়েছিলেন কিন্তু কাজে লাগাতে পারেননি কেউই। একেবারে কোস্টারিকার রক্ষণ কাঁপিয়ে বল বেরিয়ে যায় গোলবারের পাশ দিয়ে। শেষ পর্যন্ত গোল না পাওয়ার আক্ষেপ নিয়েই মাঠ ছাড়ে ব্রাজিল।
এ ড্রয়ের ফলে কোপা আমেরিকার ডি গ্রুপে ১ পয়েন্ট নিয়ে দুইয়ে রইল ব্রাজিল। কলম্বিয়া নিজেদের প্রথম ম্যাচে জয় নিয়ে আছে এই গ্রুপের শীর্ষে। ব্রাজিলের সমান ১ পয়েন্ট নিয়ে কোস্টারিকা আছে তিনে।