টি-টোয়েন্টি বিশ্বকাপ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ জুন ২০২৪ ১৭:০১ পিএম
আপডেট : ২৪ জুন ২০২৪ ১৭:০৬ পিএম
দক্ষিণ আফ্রিকাকে জিতিয়ে মাঠ ছাড়েন মার্কো জ্যানসেন। ছবি : সংগৃহীত
টি-টোয়েন্টি বিশ্বকাপের পঞ্চম সংস্কণ বসে বাংলাদেশের মাটিতে। ২০১৪ সালে অনুষ্ঠেয় সেই বিশ্বকাপের সেমিফাইনালে ওঠে দক্ষিণ আফ্রিকা। তবে ভারতের বিপক্ষে বড় সংগ্রহ গড়েও সেবার ফাইনালে উঠতে পারেনি প্রোটিয়ারা। বিরাট কোহলির বীরত্বে ফাইনালে জায়গা করে নেয় মহেন্দ্র সিং ধোনির দল।
ওই বিশ্বকাপের পর কেটে গেছে আরও তিনটি শর্টার ফরম্যাটের বিশ্বকাপ এবং দশ বছর। কিন্তু শেষ চারের সমীকরণ আর মেলাতে পারেনি দক্ষিণ আফ্রিকা। ডি ভিলিয়ার্স, হাশিম আমলা, ফাফ ডু প্লেসির মতো তারকা ক্রিকেটারদের নিয়েও বিশ্বকাপ থেকে প্রোটিয়াদের বারবার ফিরতে হয়েছে খালি হাতে। অবশেষে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে সেমির স্বাদ পেয়েছে দক্ষিণ আফ্রিকা।

চলতি বিশ্বকাপে সোমবার ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা। এইডেন মার্করামের দলের বিপক্ষে হেরে সুপার এইট থেকেই বিদাল নিল ম্যারুন জার্সিধারীরা। আগামী ২৬ জুন বুধবার বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে। পরের দিন দ্বিতীয় সেমিফাইনাল হবে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে। গ্রুপ ওয়ান চ্যাম্পিয়ন দ্বিতীয় সেমিফাইনালে মোকাবিলা করবে গ্রুপ দুইয়ের রানার্সআপের বিপক্ষে।
এর আগে সেন্ট ভিনসেন্টে পা রাখার আগে নিউইয়র্কে শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে দক্ষিণ আফ্রিকা। এরপর নেদারল্যান্ডস ও বাংলাদেশকে হারায় মার্করামের দল। তবে নেপালের বিপক্ষে হারতে হারতে জিতে যায় প্রোটিয়ারা। এরপর সুপার এইটে ভয় ধরিয়ে দিলেও প্রোটিয়াদের হারাতে পারেনি যুক্তরাষ্ট্র। ইংল্যান্ডের বিপক্ষেও লড়াই করে জেতে দক্ষিণ আফ্রিকা। আর সবশেষ জয়টি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
দক্ষিণ আফ্রিকা এখন পর্যন্ত এই বিশ্বকাপে দ্বিতীয় অপরাজিত দল। টানা সাতটি ম্যাচ জিতেছে দলটি।