× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টি-টোয়েন্টি বিশ্বকাপ

সেমিতে সেরা ক্রিকেট দেখাবেন মার্করামরা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ জুন ২০২৪ ১৬:১৩ পিএম

আপডেট : ২৪ জুন ২০২৪ ১৭:২৫ পিএম

শেষাঙ্কে পৌঁছানো বিশ্বকাপে সেরাটা দেখানো তথা আরও ভালো করার প্রত্যয় দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের— গেটি ইমেজেস

শেষাঙ্কে পৌঁছানো বিশ্বকাপে সেরাটা দেখানো তথা আরও ভালো করার প্রত্যয় দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের— গেটি ইমেজেস

‘লাস্ট ওভার থ্রিলারে’ দক্ষিণ আফ্রিকা যে কয়টি ম্যাচ জিতেছে, তাতে ভাগ্যের সহায়তাও ছিল বেশ। টেনেটুনে জেতাও বলা যায় কিংবা হারতে হারতে জিতে যাওয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন অব্দি একটি ম্যাচও হারেনি প্রোটিয়ারা। তবে ভালো ক্রিকেট যে খেলতে পারেনি, তা মেনে নিয়েছেন এইডেন মার্করাম। সেমিফাইনাল নিশ্চিতের পর প্রত্যয়ী কণ্ঠে প্রোটিয়া অধিনায়ক বলেছেন, সেরা ক্রিকেটটা এখন খেলবে তারা।

আজ সোমবার ভোরে ওয়েস্ট ইন্ডিজকে বিদায় করে দিতেও তারা খুব ভালো ক্রিকেট খেলতে পারেনি। মোটকথা, বোলিংয়ে দুর্দান্ত থাকলেও ভুগেছে ব্যাটিংয়ে। ১২৩ রানের জবাব দিতে নেমে হারিয়ে ফেলেছিল ৭ উইকেট। হারের শঙ্কাও জেগেছিল। তবে চোকার তকমা লেগে যাওয়া দলটি যেন অ্যান্টি চোকিং ফর্মুলায় এগোচ্ছে। ক্রিকেটের বৈশ্বিক আসরে শিরোপা জয়ের কথা ভাবছেন মার্করামরা।

ক্যারিবীয়দের হারানোর পর সেমিতে পছন্দের প্রতিপক্ষ কারা হতে পারে? ২৯ বর্ষী মার্করাম দিয়েছেন কৌশলী উত্তর, ‘প্রতিপক্ষ যেই হোক না কেন, আমরা এখনও সেরা ক্রিকেট খেলিনি। তাই সেমিফাইনালের জন্য সেরাটা একসাথে রাখার চেষ্টা করব। সেমিফাইনালে ওঠা অনেকটাই স্বস্তির। মাথা থেকে ব্যাপারটা ফেলে দেওয়া যাচ্ছে না। আমরা ব্যাট হাতে আরও স্বাচ্ছন্দ্য হতে পছন্দ করতাম।’

ঐতিহাসিকভাবে বৃষ্টি আইনের হিসাব দক্ষিণ আফ্রিকার কপাল পুড়েছে বহুবার। চলতি বিশ্বকাপে টানা ৭ জয়ে সেমিফাইনালের টিকিট কাটা দলটিকে প্রায় সব ম্যাচেই ঝরাতে হয়েছে ঘাম। সেই জায়গায় কাজ করতে চান মার্করাম। দলের ড্রেসিংরুম এবং নিজের পরিকল্পনা জানাতে বলেছেন, ‘আমাদের জন্য ড্রেসিংরুমের পরিবেশ চমৎকার ছিল। আশা করি এরকম জটিল পরিস্থিতিগুলো এড়িয়ে সামনে এগিয়ে যেতে পারব। শিক্ষা নেওয়ার ভালো পাঠ রয়েছে। আশা করি আমরা সেই ভুলের পুনরাবৃত্তি করব না।’

গ্রুপপর্বে শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ৭৮ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে মার্করামের দলের খেলতে হয় ১৬.২ ওভার, হারাতে হয় ৪ উইকেট। নেদারল্যান্ডসের সঙ্গে হারের শঙ্কায় পড়ে ৭ বল হাতে রেখে ৪ উইকেটের জয় আসে। রোমাঞ্চকর ম্যাচে শেষ বলের নাটকীয়তায় বাংলাদেশের সঙ্গে মাত্র ৪ রানের জয় মেলে। উদীয়মান নেপালের সঙ্গে মাত্র ১ রানের জয় তাদের বড় অঘটন থেকে রক্ষা করে। আর এবার স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বৃষ্টি আইনে পাওয়া ১২৩ রানের লক্ষ্যেও খেলতে হয়েছে শেষ ওভার অবদি, উইকেট হারাতে হয়েছে সাতটি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা