প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ জুন ২০২৪ ০৪:২৭ এএম
আপডেট : ২৪ জুন ২০২৪ ১১:০২ এএম
সৌরভ নেত্রাভালকারের উইকেট নিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেই বাঁধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়েন ক্রিস জর্ডান
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আগুনে বোলিংয়ে নজর কেড়েছেন পেসার ক্রিস জর্ডান। ইংল্যান্ডের প্রথম বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে করে ফেলেছেন হ্যাটট্রিক। সে আবার বিশ্বকাপের মতো মঞ্চে। টি-টোয়েন্টি বিশ্বকাপে অষ্টম বোলার হিসেবে হ্যাটট্রিক করলেন জর্ডান। যদিও মোট হ্যাটট্রিক সংখ্যা ৯টি।
তার আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে বিরল কীর্তি গড়েছেন অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্স। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে বিশ্বের প্রথম বোলার হিসেবে টানা দুই ম্যাচে হ্যাটট্রিকের দেখা পেয়েছেন তিনি। এ ছাড়া পঞ্চম বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে দুটি হ্যাটট্রিক করলেন ডান হাতি এ পেসার।
কেনসিংটন ওভালে কিপটেমি বোলিংয়ে হ্যাটট্রিকম্যান ক্রিস জর্ডান ২.৫ ওভারে ১০ রান দিয়ে ৪ উইকেট নেন। ৪টি উইকেটই নিয়েছেন ১ ওভারে। নিজের শেষ ওভারের ৫ বলেই জর্ডান পেয়েছেন ৪টি উইকেট। আলি খান, নসথুস কেনজিগে ও সৌরভ নেত্রাভালকারের উইকেট নিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন ক্রিস জর্ডান। তার আগে প্রথম বলেই নেন কোরি অ্যান্ডারসনের উইকেট।
নিজের শেষ ওভারের দ্বিতীয় বলেই জর্ডান কেবল পাননি কোনো উইকেট। যুক্তরাষ্ট্রের ব্যাটিং ইনিংসের ১৯তম ওভারের বাকি ৪ বলের প্রতিটিতেই মিলেছে উইকেট। টি-টোয়েন্টি বিশ্বকাপে এমন কীর্তি আছে আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্ফারেরও।
ক্রিস জর্ডানের হ্যাটট্রিকের সুবাদে ২০ ওভারের এবারের বিশ্বমঞ্চে চমক দেখানো যুক্তরাষ্ট্রকে ধসিয়ে দিয়ে ইংল্যান্ড ছিনিয়ে নিল ১০ উইকেটের বিশাল এক জয়। সে আবার ৬২ বল হাতে রেখেই। ব্যাট-বলের রাজকীয় পারফরম্যান্সে সবার আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালেও পৌঁছে গেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।