প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ জুন ২০২৪ ০৩:৩০ এএম
আপডেট : ২৪ জুন ২০২৪ ০৩:৪৫ এএম
ইকুয়েডরের বিরুদ্ধে ২-১ গোলে জিতেছে ভেনেজুয়েলা। বিরতিতে যাওয়ার আগে ইকুয়েডরকে এগিয়ে নেন হেরেমি সারমিয়েন্তো। বিরতির পর দুই বদলি খেলোয়াড় জুন্দের কাদিস ও এদুয়ার্দ বেইয়োর গোলে জয়ের খুশিতে ভাসে ভেনেজুয়েলা।
কোপা আমেরিকার ১০৮ বছরের ইতিহাসে আগে গোল খেয়ে কখনই ম্যাচ জিততে পারেনি ভেনেজুয়েলা। অন্যদিকে ২০০৭ সালের পর আগে গোল পেয়ে কখনও হারেনি ইকুয়েডর। এবার পাল্টে গেল সেই ইতিহাস।
বলের দখলের লড়াইয়ে পা অনেক ওপরে তুলেছিলেন ইকুয়েডর অধিনায়ক ভালেন্সিয়া। এতে তার বুট গিয়ে লাগে প্রতিপক্ষের হোসে মার্তিনেসের মুখে। সরাসরি লাল কার্ড পেয়ে মাঠ ছাড়েন ভালেন্সিয়া। আগামী বৃহস্পতিবার জ্যামাইকা ম্যাচে দর্শক হয়ে থাকবেন দেশটির এ সর্বোচ্চ গোলদাতা। একই দিন মেক্সিকো খেলবে ভেনেজুয়েলার বিপক্ষে।
৪০ মিনিটে ইকুয়েডরের হয়ে ম্যাচের ডেডলক ভাঙেন সারমিয়েন্তো। খারাপ খেলেও গোল পেয়ে লিড নেয় ইকুয়েডর। ৬৪ মিনিটে দ্রুত নেওয়া থ্রো-ইন থেকে বল পেয়ে গোল করে ভেনেজুয়েলাকে সমতায় ফেরান কাদিস। ১০ মিনিট বাদে জয়সূচক গোল এনে দিয়ে ভেনেজুয়েলাকে উচ্ছ্বাসে ভাসান বেইয়ো।
একে তো হার দিয়ে শুরু হলো কোপা আমেরিকায় নিজেদের মিশন, তার ওপর হারাতে হলো ক্যাপ্টেনকে। সব মিলিয়ে ইকুয়েডরের সামনে এখন কঠিন এক চ্যালেঞ্জ। তবে হাল ছেড়ে দিচ্ছে না ইকুয়েডর। প্রত্যাবর্তনের স্বপ্ন দেখছে তারা। ম্যাচ শেষে মিডফিল্ডার মোইসেস কেইসেদোর কথায় মিলল তার আভাস।
জানান, এমন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর সামর্থ্য তাদের আছে, ‘প্রায় শুরুর দিকেই খুব গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়কে হারালেও আমরা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গেছি। হার বেদনাদায়ক তবে আমাদের এগিয়ে যেতে হবে। কারণ, এখনও দুটি ম্যাচ বাকি। আমাদের দলে দৃঢ়তার কোনো কমতি নেই। আমরা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব।’