প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ জুন ২০২৪ ০৩:২২ এএম
জয় দিয়ে কোপা আমেরিকা শুরু করেছে মেক্সিকো। তবে ফেভারিট হলেও ঘাম ঝরিয়েই জিততে হয়েছে তাদের। গতকাল ‘বি’ গ্রুপে প্রতিপক্ষ জ্যামাইকার বিপক্ষে ১-০ গোলে জয় ছিনিয়ে নিয়েছে মেক্সিকো। বিরতির পর একমাত্র জয়সূচক গোলটি এনে দেন জেরার্দো আর্তেগা। দিনের অন্য ম্যাচে ইকুয়েডরের বিরুদ্ধে ২-১ গোলে জিতেছে ভেনেজুয়েলা।
দুইবারের ফাইনালিস্ট মেক্সিকোর জয়ের আনন্দ নষ্ট হয়েছে অধিনায়কের ইনজুরিতে। জ্যামাইকার বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে এদসন আলভারেস মাঠ ছাড়েন কান্না করতে করতে। মিলেছে খারাপ খবরের আভাস। কেননা মহাদেশীয় এ ফুটবল টুর্নামেন্টে দর্শক হয়ে যেতে পারেন তিনি।
তবে গোলের জন্য মরিয়া হয়ে আক্রমণ চালাতে থাকেন লুইস শাভেজ, সান্তিয়াগো হিমেনেস, আর্তেগারা। তাদের বেশ কয়েকটি দারুণ শট রুখে দেন জামালি ওয়েট। শেষে লড়াইয়ের ৬৯তম মিনিটে আর্তেগার শট আর থামাতে পারেননি জ্যামাইকার এ গোলরক্ষক। ক্ষিপ্রগতির শটে তার চোখ ফাঁকি দিয়ে জালে বল জড়ান আর্তেগা।
এ জয়ে ভেনেজুয়েলার সমান ৩ পয়েন্ট পেল মেক্সিকো। আগামী বৃহস্পতিবার একে অন্যের বিপক্ষে খেলবে দল দুটি। সেদিনের অন্য ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে লড়বে জ্যামাইকা।