প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ জুন ২০২৪ ০৩:০২ এএম
কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে জয় দিয়ে শুরু করেছে আর্জেন্টিনা। কানাডাকে হারিয়েছে ২-০ গোলে। একই গ্রুপের খেলায় শনিবার মুখোমুখি হয়েছিল পেরু ও চিলি। তবে এ দুই দলের লড়াই শেষ হয়েছে গোলশূন্য ড্রয়ে। তাতে লাভ হলো আর্জেন্টিনার। পয়েন্ট টেবিলের শীর্ষেই থাকলেন লিওনেল মেসিরা।
পয়েন্ট ভাগাভাগির ম্যাচটি একটু অন্য কারণে স্মরণীয় হয়ে আছে। ২০ বছর পর পেরু ও চিলির ম্যাচ ড্র হলো। এর আগে ১৯৮৯ সালে সর্বশেষ পেরু-চিলির ম্যাচ গোলশূন্য ড্র হয়েছিল। এই ড্রয়ে গ্রুপ ‘এ’-তে নিজেদের সম্ভাবনা ভালোভাবেই বাঁচিয়ে রাখল এ দুই দল।
গ্রুপে তিন পয়েন্ট নিয়ে সবার ওপরে আর্জেন্টিনা। দুই ও তিনে থাকা পেরু ও চিলি পেয়েছে একটি করে পয়েন্ট। কানাডা এখনও কোনো পয়েন্ট সংগ্রহ করতে পারেনি। সবগুলো দলই একটি করে ম্যাচ খেলেছে।
টেক্সাসে এদিন শুরুতেই দাপট দেখায় পেরু। চাপে রাখে চিলিকে। তবে ঘুরে দাঁড়াতে খুব বেশি সময় নেয়নি চিলি। খেলার ১৬ মিনিটেই দারুণ সুযোগ তৈরি করে চিলি। ভিক্টর দাভিলার ক্রস থেকে গোলমুখে একা বল পেয়েও অবশ্য সবচেয়ে সহজ সুযোগটা মিস করেন অ্যালেক্সিজ সানচেজ।
২০ মিনিটে পেরুর এডিসন ফ্লোরেসের দূরপাল্লার শট খুঁজে পায়নি গোলবারের ঠিকানা। ২৭ মিনিটে চিলির দাভিলার হেড বক্সের সামান্য ওপর দিয়ে চলে যায়। ড্র নিয়ে বিরতিতে যায় দুই দল।
এরপর পরের অর্ধেও বল দখলে এগিয়ে থাকে চিলি। ৬২ মিনিটে দাভিলার শট রুখে দেন পেদ্রো গালিসে। ৭৯ মিনিটে ম্যাচে নিজেদের সবচেয়ে ভালো সুযোগ পায় পেরু। লাপাদুলার ভলি দারুণভাবে রুখে দেন চিলির ক্লদিও ব্রাভো। ড্রতেই সন্তুষ্ট থাকতে হয় দুই দলকে। ম্যাচজুড়ে আক্রমণ ও সুযোগ তৈরিতেও পেরুর ওপর আধিপত্য দেখিয়েছে চিলি।
৬৫ শতাংশ বলের দখল রেখে ১১টি শট নেয় চিলি। তবে লক্ষ্যে রাখতে পেরেছে কেবল একটি শট। ৩৫ শতাংশ বলের দখল রাখা পেরু ৭টি শট নিয়ে ৪টিই লক্ষ্যে রাখে। আগামী বুধবার চিলি পরের ম্যাচটি খেলবে আর্জেন্টিনার বিপক্ষে। একই দিন পেরুর প্রতিপক্ষ কানাডা।