টি-টোয়েন্টি বিশ্বকাপ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ জুন ২০২৪ ২০:৪১ পিএম
লক্ষ্য একটু কঠিনইÑ ১৯৭ রান। ভারতের দেওয়া টার্গেটে ১৪৬ রানে থামে বাংলাদেশ। উইকেট ও বাতাস কাজে লাগিয়ে হার্দিক পাণ্ডিয়ারা রান পাহাড়ে চড়ালেও নির্বিষ ছিল লাল-সবুজের ব্যাটাররা। ব্লুজদের ব্যাটিং ঝড়ের বিপরীতে নাজুমল হোসেনদের অসহায় আত্মসমর্পণের পেছনের গল্প ফাঁস করলেন কুলদীপ যাদব।
গতকাল শনিবার বাংলাদেশের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ভারতের তারকা স্পিনার কুলদীপ বলেছেন, ‘সব ম্যাচকে স্বাভাবিকভাবে নেওয়াটা জরুরি। আমরা সুপার এইট খেলছি, এটা অনেক চাপের। কিছুদিনের মধ্যে অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচ। এখনকার উইকেট স্পিনবান্ধব। আমি চার ওভার পেলাম এবং নিজের প্ল্যানে অটল ছিলাম। লেন্থে বল করে পেসে বৈচিত্র্য আনার চেষ্টা করেছি। এটা দারুণ কাজে দিয়েছে।
বাংলাদেশের বিপক্ষে ৩ উইকেট তুলেছেন কুলদীপ। তবে তিনি মনে করেন, তার জন্য বোলিং করাটা কিছুটা কঠিনই ছিল, ‘যে প্রান্ত থেকে বল করছিলাম সেখান থেকে বল করাটা একটু কঠিন ছিল। বাতাস নিয়ে খুব একটা ভাবিনি। নিজের লেন্থে অটল ছিলাম এবং ব্যাটারদের পড়ার চেষ্টা করেছিলাম। ব্যাটারদের চেয়ে এক ধাপ এগিয়ে থাকতে চেয়েছিলাম। লাইন লেন্থ ঠিক রেখে বল করে যাচ্ছিলাম। তারা বাতাসকে টার্গেট করেছিল। সে অনুযায়ী কাজ করে গেছি এবং সফল হয়েছি।’