টি-টোয়েন্টি বিশ্বকাপ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ জুন ২০২৪ ২০:৩৬ পিএম
আপডেট : ২৩ জুন ২০২৪ ২০:৪২ পিএম
নামের সুবিচার তো দূরের কথা। ব্যাট-বলে সংযোগ কিংবা হাত ঘুরিয়ে বারবার ব্যর্থ হচ্ছেন সাকিব আল হাসান। লম্বা সময় ধরে অধারাবাহিকতা প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়েও। অলরাউন্ডার র্যাঙ্কিং নিজস্ব সম্পত্তি বানিয়ে ফেলা সাকিব এখন সিংহাসন বাঁচানোর লড়াইয়ে। এর জন্য নানাভাবে সমালোচিতও হচ্ছেন। বাংলাদেশের সাবেক অধিনায়কের পারফরম্যান্সকে রোজই শূলে চড়াচ্ছেন বীরেন্দার শেবাগ। ভারত দলের সাবেক ব্যাটারের মতে, সাকিবের উচিত খেলা ছেড়ে নতুনদের সুযোগ দেওয়া।
গতকাল শনিবার ভারতের বিপক্ষে ম্যাচ শেষে ক্রিকবাজের এক শোতে শেবাগ বলেছেন, ‘আপনার সঙ্গে যখন একজন ব্যাটার আছে, তাকে সঙ্গ দিন। উইকেটে থাকার চেষ্টা করুন। সেখান থেকে ম্যাচ বের করার চেষ্টা করুন। তা না করে আপনি ৭ বলে ১১ রান করে আউট হয়ে গেলেন।’
এর আগেও একবার সাকিবের সমালোচনা করেছিলেন শেবাগ। ও সময় সাকিবের লজ্জা পাওয়ার পাশাপাশি ক্রিকেট ছেড়ে দেওয়ার কথা বলেছেন। এবারও বলেছেন তেমনটিই, ‘আমি জানি না, এত অভিজ্ঞ হয়েও কেন সে সেটার ব্যবহার করছে না। নাকি কোনো কিছুর পরোয়া করে না সে। তার হয়তো মনে হয়েছে, এক বলে ছক্কা হয়েছে, পরেরটাতেও হবে। এটা তো হতে পারে না। সে আসলে অভিজ্ঞতার ব্যবহার করছে না। এ কারণেই আমি আগেরবার বলেছি, সাকিবের উচিত নতুন কাউকে জায়গা ছেড়ে দেওয়া।’