× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টি-টোয়েন্টি বিশ্বকাপ

সেমির আশায় ইংল্যান্ড

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ জুন ২০২৪ ১৪:৩৭ পিএম

আপডেট : ২৩ জুন ২০২৪ ১৫:৩৮ পিএম

সেমির আশায় ইংল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড। অন্যদিকে প্রথমবারের মতো বিশ্বমঞ্চে অংশ নিয়েই ইতিহাস গড়েছে যুক্তরাষ্ট্র। যদিও প্রথম দুই ম্যাচ হেরে সেমির আগেই ছিটকে পড়ার শঙ্কায় স্বাগতিক যুক্তরাষ্ট্র। কুড়ি কুড়ির এ বিশ্বকাপে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখার জন্য জয়ই ইংল্যান্ডের একমাত্র বিকল্প। এমনি অবস্থায় আজ রবিবার সুপার এইট পর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে এ দুই দল। এ ম্যাচেই প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে মুখোমুখি হবে ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্র। বার্বাডোজের ব্রিজটাউনে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। খেলাটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস ও নাগরিক টিভি।

ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের এ আসরে গ্রুপ পর্বে রানার্সআপ হয়ে সুপার এইটে পা রাখে ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্র। সুপার এইটে এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলে জস বাটলাররা জিতেছেন একটিতে। সেমির সমীকরণ মেলাতে হলে মার্কিনিদের বিপক্ষে জিততেই হবে তাদের। আর ইংল্যান্ডের কাছে শেষ ম্যাচে হেরে গেলে আনুষ্ঠানিকভাবে সুপার এইট থেকে বিশ্বকাপ শেষ করবে বিশ্বকাপের অন্যতম আয়োজক যুক্তরাষ্ট্র। 

গ্রুপ পর্বে চমক দেখালেও সুপার এইটে নিজেদের সেরাটা দিতে পারেনি যুক্তরাষ্ট্র। দক্ষিণ আফ্রিকার কাছে ১৮ রানে এবং ওয়েস্ট ইন্ডিজের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরেছে তারা। তবে শেষ ম্যাচে জয়ের জন্য মরিয়া যুক্তরাষ্ট্র। দলটির ওপেনার আন্দ্রিস গাউস বলেন, ‘শেষ ম্যাচে জিতলেও সেমিফাইনালে খেলার সম্ভাবনা থাকবে আমাদের। যদি রান রেট ভালো থাকে। কিন্তু আগে জিততে হবে। আমাদের জন্য কাজটি অনেক কঠিন। তারপরও অন্যান্য ম্যাচের মতো আমরা এবারও জয়ের জন্যই মাঠে নামব।’

অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারিয়ে সুপার এইট পর্ব শুরু করেছে ইংল্যান্ড। কিন্তু পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৭ রানে হেরেছে তারা। দক্ষিণ আফ্রিকার ছুড়ে দেওয়া ১৬৪ রানের টার্গেটে ১৭ ওভারে ৪ উইকেটে ১৩৯ রান তুলে ভালো অবস্থায় ছিলেন ইংলিশরা। শেষ ৩ ওভারে ২৫ রানের দরকারে ১৭ রানের বেশি তুলতে পারেনি ইংল্যান্ড। ৬ উইকেটে ১৫৬ রানে থেমে ম্যাচ হারে তারা।

শেষ ম্যাচে ইংল্যান্ড জিতলে ও অন্য ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ওয়েস্ট ইন্ডিজ হারলে সেমির টিকিট পাবে ইংলিশরাই। আবার যদি গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ জয় পায়, তখন দক্ষিণ আফ্রিকাসহ এ তিন দলের রান রেট বিবেচনা করা হবে। প্রথম দুই ম্যাচ জিতে ৪ পয়েন্টের সঙ্গে প্রোটিয়াদের নেট রান রেট ০.৬২৫। অবশ্য নেট রান রেটে কিছুটা ভালো অবস্থানে ওয়েস্ট ইন্ডিজ (১.৮১৪)। ইংল্যান্ডের (০.৪১২) ও যুক্তরাষ্ট্র (-২.৯০৮)।

যুক্তরাষ্ট্রের বিপক্ষে শেষ ম্যাচে জয় ছাড়া অন্য কিছুই ভাবছে না ইংল্যান্ড। ইংলিশ ওপেনার ফিল সল্ট বলেন, ‘যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয় ছাড়া অন্য কিছু ভাবার সুযোগ নেই আমাদের। এ ম্যাচে বড় ব্যবধানে জয়ের লক্ষ্য নিয়েই আমরা মাঠে নামব। যাতে রান রেটও বাড়িয়ে নেওয়া যায়। এ জন্য যুক্তরাষ্ট্রের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলার পরিকল্পনা আমাদের।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা