প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২২ জুন ২০২৪ ২২:১৩ পিএম
আপডেট : ২২ জুন ২০২৪ ২৩:৩৬ পিএম
নিকোলাস পুরান
মার্কিন পেসার সৌরভ নেত্রাভালকার ডেলিভারি দিলেন অফ স্টাম্পের অনেক বাইরে। বল দেখে যেন লোভ হচ্ছিল নিকোলাস পুরানের। আর দেরি করেননি। ব্যাটের নাগালের মধ্যে আসতেই বল উড়িয়ে এক্সট্রা কাভারের ওপর দিয়ে বাউন্ডারি পার করলেন উইন্ডিজের তারকা এ ব্যাটার। দর্শনীয় এ ছক্কায় অনন্য এক উচ্চতায় পৌঁছে গেলেন বাঁহাতি এ ব্যাটার।
পুরান ভেঙে দিলেন ক্রিস গেইলের ছক্কার রেকর্ড। টি-টোয়েন্টির মহাযজ্ঞের কোনো এক আসরে ১৭ ছক্কা নেই আর কোনো ব্যাটারের। টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ ছক্কার রেকর্ডের মালিক এতদিন ছিলেন ‘ইউনিভার্স বস’ খ্যাত গেইল। কুড়ি ওভারের এবারের বিশ্বমঞ্চে ৬ ম্যাচ খেলে ৫টি ওভার-বাউন্ডারি হাঁকিয়েছেন পুরান। শুধু নিউজিল্যান্ডের বিরুদ্ধেই ছক্কার দেখা পাননি।
যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামার আগে ইংল্যান্ড ম্যাচে একটি, পাপুয়া নিউগিনির বিরুদ্ধে দুটি, উগান্ডার বিপক্ষে তিনটি এবং আফগানিস্তান ম্যাচে আটটি ছক্কা হাঁকান পুরান। ধ্বংসাত্মক ব্যাটিংয়ের এই নৈপুণ্যেই গেইলের রেকর্ডটি নিজের করে নেন এ মারকুটে ব্যাটার।
ওয়েস্ট ইন্ডিজের সাবেক বাঁহাতি ব্যাটার গেইল কীর্তিটা গড়েছিলেন শ্রীলঙ্কার মাটিতে। ২০১২ সালের সেই আসরে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের এ ‘ফেরিওয়ালা’ ছক্কা মেরেছিলেন সব মিলিয়ে ১৬টি। এ তালিকার তিনে রয়েছেন দুজনÑ তাদের একজন ওয়েস্ট ইন্ডিজের আরেক সাবেক তারকা ক্রিকেটার মারলন স্যামুয়েলস। ক্যারিবিয়ান এ তারকার সঙ্গী হয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক হার্ডহিটার শেন ওয়াটসন।
কুড়ি কুড়ির বৈশ্বিক টুর্নামেন্টের এক আসরে সর্বোচ্চ ছক্কার কীর্তির মালিকানা হারিয়েছেন ঠিকই; কিন্তু অন্য একটি রেকর্ডে বড়োসড়ো ব্যবধানে এগিয়ে থেকে সবার ওপরে রাজত্ব করে চলেছেন গেইল। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণের বিশ্বকাপের সব আসর মিলিয়ে সর্বাধিক ছক্কা হাঁকানোর ক্লাবে গেইল এখনও বস! ৩৩ ম্যাচের ৩১ ইনিংসে তার হাতের ব্যাটের হাসিতে এসেছে ৬৩ ছক্কা। এই লিস্টে গেইলের আশপাশে নেই অন্য কেউ। তার মানে গেইলের এই রেকর্ডটি ভাঙা দূরঅস্তই বটে! অস্ট্রেলিয়ার তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার ৪০ এবং ভারতের ক্যাপ্টেন ও উদ্বোধনী ব্যাটার রোহিত শর্মা ৩৯ ছক্কা নিয়ে রয়েছেন দুই ও তিনে।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা আটের লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজের শুরুটা হয়েছিল হার দিয়ে। সুপার এইটের প্রথম ম্যাচেই ইংল্যান্ডের বিপক্ষে ১৮০ রানের পুঁজি গড়েও জয় পায়নি তারা। ইংলিশদের কাছে হার মানে ৮ উইকেটের বড় ব্যবধানে। সেন্ট লুসিয়ার সেই ব্যাটিং ফর্মটা ক্যারিবিয়ানরা বইয়ে নিয়ে যায় ব্রিজটাউনেও। কেনসিংটন ওভালেও বিস্ফোরক ব্যাটিংয়ের পসরা সাজিয়েছিল টি-টোয়েন্টির বিশ্বকাপের সহ-আয়োজকরা।
দুর্বার ব্যাটিং ঝলকে আজ শনিবার বার্বাডোজে আরেক সহ-আয়োজক যুক্তরাষ্ট্রকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আন্দ্রে রাসেল-আলজারি জোসেফের পেস তোপের সঙ্গে ম্যাচসেরা রোস্টন চেসের ঘূর্ণিজাদুতে ১২৮ রানেই গুটিয়ে যায় ক্যাপ্টেন মোনাঙ্ক প্যাটেলের দল। ওপেনার শাই হোপের ৮২ রানের হার না মানা দুর্দান্ত এক ইনিংসে মামুলি লক্ষ্যটা মাত্র ১ উইকেট হারিয়েই পেরিয়ে যায় উইন্ডিজ (১৩০)।
শাই হোপকে সঙ্গ দিয়ে ঝড়ো ব্যাটিংয়ে ১২ বলে ২৭ রানে অপরাজিত থেকে যান পুরান। ওয়ান ডাউনে নামা এ উইকেটরক্ষক-ব্যাটার হাঁকান ১ চার ও ৩ ছক্কা। তাতে এবারের বিশ্বকাপে সব মিলিয়ে পুরানের ছক্কার সংখ্যা দাঁড়ায় ১৭-তে।