প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২২ জুন ২০২৪ ২০:৩৯ পিএম
আগামী আগস্টে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। আইসিসির ফিউচার ট্যুর প্ল্যান (এফটিপি) অনুযায়ী স্বাগতিকদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টাইগাররা, যা ২০২৪-২৫ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। যদিও সিরিজটির সূচি এখনও চূড়ান্ত হয়নি। তবে টেস্ট দুটি রাওয়ালপিন্ডি ও মুলতানে হবে বলে জানা গেছে।
পাকিস্তানের ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ‘ক্রিকেট পাকিস্তান’ তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে ভেন্যু ও সূচি সংক্রান্ত আলোচনা হচ্ছে। তবে এখন অবধি যে খবর তাতে মুলতান ও রাওয়ালপিন্ডিকে পছন্দের তালিকায় রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
অবশ্য এর যথেষ্ট কারণও আছে। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি হওয়ার কথা রয়েছে পাকিস্তানে। এজন্য কয়েকটি ভেন্যুতে মেরামতের কাজ চলছে। তার মধ্যে রয়েছে লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম ও করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়াম। এজন্য এ দুই স্টেডিয়ামে টেস্ট আয়োজন করা সম্ভব নয়।
ওয়ানডে ও টি-টোয়েন্টিতে জয়ের দেখা পেলেও টেস্ট ক্রিকেটে এখনও পাকিস্তানের বিপক্ষে জয়ের দেখা পায়নি বাংলাদেশ। এখন পর্যন্ত তাদের বিপক্ষে ১৩টি টেস্ট খেলে ড্র করতে পেরেছে মাত্র একটি ম্যাচে, হেরেছে ১২টিতে। এবার সেই অধরা জয় নাজমুল হোসেন শান্ত ব্রিগেড এনে দিতে পারে কি না, সেটাই দেখার অপেক্ষা।