টি-টোয়েন্টি বিশ্বকাপ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২২ জুন ২০২৪ ১৭:০০ পিএম
আপডেট : ২২ জুন ২০২৪ ১৭:২০ পিএম
আইসিসির ইভেন্টে অস্ট্রেলিয়ার সামনে ট্রেবল জয়ের হাতছানি। সবশেষ টেস্ট
চ্যাম্পিয়নশিপ ও ওয়ানডে বিশ্বকাপের চ্যাম্পিয়নদের লক্ষ্য এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের
শিরোপা পুনরুদ্ধার। মারকাটারি এই আসরে সে লক্ষ্যে গ্রুপপর্বে টানা চার ম্যাচে জয়ের
পর সুপার এইটেও দুর্দান্ত শুরু করেছে ২০২১ আসরের চ্যাম্পিয়নরা। সেমিফাইনালের পথে
এগিয়ে যাওয়ার লক্ষ্যে আগামীকাল রবিবার আফগানিস্তানের মুখোমুখি হবে পরাশক্তিরা। অন্যদিকে
সেমির আশা বাঁচিয়ে রাখতে অজিদের বিপক্ষে জয়ই প্রধান লক্ষ্য আফগানদের। সেন্ট ভিনসেন্টের
কিংসটাউনের আর্নোস ভেল গ্রাউন্ডে দুই দলের খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৬টা ৩০
মিনিটে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস ও নাগরিক টিভি।
কুড়ি কুড়ির বিশ্বকাপে দারুণ এক জয়ে সুপার এইট পর্ব শুরু করেছে অস্ট্রেলিয়া।
গতকাল অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত
ম্যাচে ২৮ রানে জয় তুলে নিয়েছে তারা। ম্যাচে অস্ট্রেলিয়ার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে
নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪০ রানের বেশি করতে পারেননি টাইগাররা। এ ম্যাচে বল হাতে
হ্যাটট্রিক তুলে নেন ডানহাতি পেসার প্যাট কামিন্স। লক্ষ্য তাড়ায় উদ্বোধনী জুটিতে ৬৫
রানের সূচনা পায় অস্ট্রেলিয়া। এরপর ১১ দশমিক ২ ওভারে ২ উইকেট হারিয়ে শতরান তুলে জয়ের
পথ সহজ করে ফেলেন অসিরা। ওই ওভারের মাঝে বৃষ্টিতে খেলা বন্ধ হলে শেষ পর্যন্ত বৃষ্টি
আইনে জয় পায় অস্ট্রেলিয়া।
বাংলাদেশের বিপক্ষে ম্যাচ জয়ের পর বোলারদের পারফরম্যান্সের প্রশংসা
করেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে তিনি বলেন,
‘সত্যি অসাধারণ বোলিং পারফরম্যান্স করেছে বোলাররা। ছেলেরা পুরো ম্যাচেই ভালো খেলেছে।
জয়ে দলের ১১ জনের অবদান আছে। আশা করি, নিজেদের সেরা পারফরম্যান্স অব্যাহত রাখতে পারব।
আগামীকাল (রবিবার) আফগানিস্তানের বিপক্ষে আমাদের আরও একটি ম্যাচ। সেটির দিকেই তাকিয়ে
আছি। বিশ্বাস করি তাদের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়তে পারব আমরা।’
এদিকে এবারের বিশ্বকাপে গ্রুপপর্বে টানা তিন জয়ে বাকি সব প্রতিপক্ষকে
নতুন দিনের বার্তা দিয়েছিল আফগানিস্তান। তবে পরের দুই ম্যাচ হেরে ব্যাকফুটে আছে রশিদ
খানের দল। সবশেষ গত বৃহস্পতিবার বার্বাডোজে ভারতের কাছে ৪৭ রানের হার দিয়ে শুরু করে
সুপার এইট পর্ব। ব্যাটিং ব্যর্থতার কারণে ম্যাচটি জিততে পারেননি আফগানরা। প্রথমে ব্যাট
করে ৮ উইকেটে ১৮১ রান করে ভারত। জবাব দিতে নেমে ভারতীয় বোলারদের তোপে ১৩৪ রানে গুটিয়ে
যান আফগানরা। এ ম্যাচে হারের জন্য বাজে ব্যাটিংকে কাঠগড়ায় তুলেছেন আফগাানিস্তানের অধিনায়ক
রশিদ খান, ‘প্রথম ম্যাচে আমাদের বোলিং ভালো হয়েছে। কিন্তু ব্যাটারদের কাছ থেকে সেরা
পারফরম্যান্স আসেনি। জুটি গড়ার জন্য ব্যাটারদের বড় ইনিংস খেলতে হবে। ভারতের বিপক্ষে
ম্যাচের ভুলগুলো দল কাটিয়ে উঠবে বলে আশা করছি। অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের জন্য ছেলেরা
সেরা পারফরম্যান্স দিতে মুখিয়ে আছে।’
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত কেবল একবার মুখোমুখি হয়েছে
দুই দল। ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো এই ফরম্যাটে মুখোমুখি হয়েছিল
তারা। রোমাঞ্চকর ম্যাচটি ৪ রানে জিতেছিল অস্ট্রেলিয়া। এরপর গত বছর ওয়ানডে বিশ্বকাপেও
দুই দলের লড়াই বেশ উত্তেজনা ছড়িয়েছিল। যদিও গ্লেন ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে শেষ
পর্যন্ত ৩ উইকেটে জয় তুলে নেন অজিরা। আইসিসির ইভেন্টে দুই ম্যাচেই তীরে এসে তরী ডোবানো
আফগানরা কি হারের বদলা নিতে পারবে, নাকি মাইটি অস্ট্রেলিয়ার জয়রথ চলবে সেটাই এখন দেখার
অপেক্ষা।